সপ্তমবারের মতো পেছাল অভিযোগ গঠন
আওয়ামী লীগের নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার অভিযোগ গঠনের তারিখ সপ্তমবারের মতো পিছিয়েছে। আজ মঙ্গলবার সিলেটের বিভাগীয় বিচার ট্রাইব্যুনালে মামলার অভিযোগ গঠনের শুনানির তারিখ ছিল। মামলার অন্যতম আসামি সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরী অসুস্থতার জন্য আদালতে হাজির হতে না পারায় অভিযোগ গঠন হয়নি।
বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান আগামী ২৫ আগস্ট অভিযোগ গঠনের নতুন তারিখ ধার্য করেছেন।
সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ কৌঁসুলি ও সরকার পক্ষের আইনজীবী কিশোর কুমার কর প্রথম আলোকে জানান, সব আসামির উপস্থিতিতে অভিযোগ গঠনের জন্য আদালত নতুন তারিখ ধার্য করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, এ নিয়ে অভিযোগ গঠনের তারিখ সপ্তমবারের মতো পেছাল। এর আগে গত ১০ আগস্ট, ৩ আগস্ট, ২৩ জুলাই, ১৪ জুলাই, ৬ জুলাই ও ২১ জুন আলোচিত এ মামলার অভিযোগ গঠনের তারিখ ছিল। আজ মামলার আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ছাড়াও হরকাতুল জিহাদের জঙ্গিসহ পাঁচ আসামিকে আদালতে হাজির করা হয়।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় তৎকালীন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অধিকতর তদন্ত করে গত বছরের ১৩ নভেম্বর তৃতীয় পর্যায়ে একটি সম্পূরক অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। এতে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছসহ নয়জন নতুন করে অভিযুক্ত হন। গত বছরের ২৮ ও ২৯ ডিসেম্বর দুই মেয়র আদালতে আত্মসমর্পণ করলে দুজনকে কারাগারে পাঠানো হয়। চলতি বছরের ৭ জানুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয় এক আদেশে দুই মেয়রকে সাময়িক বরখাস্ত করে।