সপ্তাহ যেতে না-যেতেই উঠে গেছে কার্পেটিং
কার্পেটিং করার এক সপ্তাহ যেতে না-যেতেই রাজবাড়ী-গোয়ালন্দ বন্যানিয়ন্ত্রণ বাঁধের গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের অন্তারমোড় টেংরাপাড়া বিকল্প বাঁধের ৩০০ মিটার সড়ক যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।সড়ক ও জনপদ বিভাগ (সওজ) রাজবাড়ী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২০০৩ সালের বন্যায় নদী ভাঙনের কারণে বাঁধের অন্তারমোড় টেংরাপাড়া এলাকায় ভাঙন দেখা দেয়। ওই সময় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জরুরি ভিত্তিতে বাঁধটি রক্ষায় ৩০০ মিটারের একটি বিকল্প বাঁধ তৈরি করে। দীর্ঘদিন পর ওই বাঁধের ওপর ইটের সলিং থাকলেও গত বছরের মে মাসে সওজ সিলকোটসহ কার্পেটিং করার সিদ্ধান্ত নেয়। গত জানুয়ারির শেষদিকে ১০ লক্ষাধিক টাকা ব্যয়ে কাজটি পায় সিলেটের মেসার্স জামিল ইকবাল। কাজ শেষে চলতি মাসের প্রথম সপ্তাহে সড়কটি খুলে দেওয়া হয়। গতকাল সোমবার সরেজমিনে দেখা গেছে, বাঁধের ৩০০ মিটারজুড়েই কার্পেটিং ও সিলকোট উঠে পাথরের সঙ্গে অতিরিক্ত বালু বের হয়ে গেছে। কাটাখালী বাজার থেকে কাঠবোঝাই করে রাজবাড়ী যাচ্ছিল ভ্যানচালক ফুল চাঁদ মোল্যা। তিনি বলেন, ‘দেশে কী কোনো নিয়মকানুন নাই। যার যেমন খুশি কাজ করে চলে যাচ্ছে অথচ কিছুই হচ্ছে না।’ স্থানীয় চরদেলুন্দি এলাকার বীজ ব্যবসায়ী আবদুল কাদের বলেন, ‘খোয়া তো দেয়ই-নাই। খালি বালি দিয়া কাজ শেষ কইরা গেছে।’ঠিকাদার মোস্তাফিজুর রহমান বলেন, কাজ সঠিকভাবেই হয়েছে। কিন্তু একই স্থানে পাউবো ব্লকের কাজ চলায় রাস্তা খুলে দেওয়ার দিনই রাতে বেশ কয়েটি পাথরবোঝাই ভারি ট্রাক আসা-যাওয়া করায় কার্পেটিং উঠে যায়। আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হলেও শিগগিরই তিনি কাজটি করে দেবেন।সওজ রাজবাড়ীর উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, কাজ ভালোই হয়েছিল। কিন্তু কয়েক দিন বিরতি না দিয়েই অতিরিক্ত মালবোঝাই ট্রাক আসা-যাওয়া করায় সড়কের এ দশা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিষয়টি জানানো হলে তারা কাজ করে দেওয়ার কথা জানিয়েছে।