সপ্তাহব্যাপী আন্তর্জাতিক নাট্যোৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাট্যলোকের ১৬ বছর পূর্তি উপলক্ষে সিরাজগঞ্জে সপ্তাহব্যাপী আন্তর্জাতিক নাট্যোৎসব শুরু হয়েছে। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর গত বুধবার সন্ধ্যায় শহরের ভাসানী মিলনায়তনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এর আগে বিকেলে মন্ত্রী শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে ‘জেলা শহরে নাট্যচর্চা ও পেশাদারত্বের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।
আসাদুজ্জামান নূর বলেন, ‘১৯৭৩ সালে যে ধরনের সীমাবদ্ধতার মধ্য দিয়ে এ দেশে নাট্যচর্চা শুরু হয়েছিল, তার তুলনায় এখন সুযোগ-সুবিধা অনেক বেড়েছে। কিন্তু তারপরও আমরা নানা কারণে নাটকের মান ধরে রাখতে পারছি না। বিষয়টি নিয়ে এখন ভাবার সময় এসেছে।’
নাট্যলোকের সভাপতি মোমিন বাবুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক আকতারুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন নাট্যলোকের প্রধান উপদেষ্টা অভিনেতা জাহিদ হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অভিনেতা আলী রাজ, জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন, পুলিশ সুপার মিরাজ উদ্দীন আহমেদ, রবীন্দ্র সম্মিলন পরিষদের সিরাজগঞ্জ শাখার সাধারণ সম্পাদক জান্নাত আরা তালুকদার প্রমুখ। অনুষ্ঠানে অভিনেতা আলী রাজকে সংবর্ধনা দেওয়া হয়।