সপ্তাহব্যাপী নৌ-প্রযুক্তির উৎসব চট্টগ্রামে শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌকার ওপর চলচ্চিত্র প্রদর্শনী ও আলোকচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে চট্টগ্রামে শুরু হয়েছে ‘তোরা কন কন যাবি আরার সাম্পানত’ শীর্ষক সপ্তাহব্যাপী নৌ-প্রযুক্তি উৎসবের। গতকাল রোববার বিকেলে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করেন দ্য ডেইলি স্টার পত্রিকার প্রকাশক ও সম্পাদক মাহ্ফুজ আনাম।চট্টগ্রাম ও বাংলার নৌ-শিল্প ও সংস্কৃতিকে তুলে ধরতে আলিয়ঁস ফ্রঁসেজ ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার যৌথভাবে এই উৎসবের আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজনের নানা দিক সম্পর্কে তুলে ধরেন আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক সামুয়েল বেরথে।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহ্ফুজ আনাম বলেন, ‘আমরা আমাদের ইতিহাস-ঐতিহ্যের কথা ভুলে যেতে বসেছি। ভাবতে গেলে আশ্চর্য হতে হয়, হাজার বছর আগে মানুষ নিজের উদ্ভাবনী শক্তি দিয়ে বিভিন্ন আকার ও আকৃতির নৌযান বানিয়ে সাগর পাড়ি দিয়েছে। তবে আশার কথা, বিদেশি বন্ধুরা এসব নৌযান পুনরাবিষ্কারের চেষ্টা করছে। অথচ সেটি আমাদেরই করার উচিত ছিল।’ অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও বক্তব্য দেন শিপইয়ার্ড নির্মাতা প্রতিষ্ঠান তাড়াতাড়ি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইভ্ মার, মহাব্যবস্থাপক তাজুল ইসলাম মজুমদার, তিবু, জেপলাঁ ফটো এজেন্সির ব্রুনো ভালনতাঁ প্রমুখ। উদ্বোধনী দিনে সন্ধ্যায় শিল্পকলা একাডেমীতে প্রদর্শিত হয় ঋত্বিক ঘটক পরিচালিত চলচ্চিত্র তিতাস একটি নদীর নাম। এই চলচ্চিত্রের ওপর আলোচনা করেন সরকারি সিটি কলেজের অধ্যক্ষ হরিশংকর জলদাস। এ ছাড়া আর্ট গ্যালারিতে আলোকচিত্র প্রদর্শনীরও উদ্বোধন করা হয়। আজ সোমবার সকালে আলিয়ঁস ফ্রঁসেজ কার্যালয়ে ‘বাংলার সমুদ্রযাত্রার ইতিহাস’ বিষয়ে আলোচনা করবেন সামুয়েল বেরথে। বেলা সাড়ে ১২টায় ‘বঙ্গোপসাগর, প্রাচীন সমুদ্রপথ, বাংলার ইতিহাস ও সমুদ্রযাত্রার প্রেক্ষাপট’ বিষয়ে আলোচনা করবেন মোমিন চৌধুরী। বিকেলে ‘বাংলার নৌকার অতীত ও বর্তমান’ বিষয়ে আলোচনা করবেন ইভ্ মার।