সপ্তাহে চার দিন আট ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলায় লাইন মেরামতের জন্য এক মাস ধরে সপ্তাহে চার দিন সকাল সাতটা থেকে বেলা তিনটা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ রাখা হয়। বাকি তিন দিনও চলে লোডশেডিং। এ অবস্থায় প্রচণ্ড দাবদাহে এইচএসসি পরীক্ষার্থীসহ স্বল্প আয়ের মানুষেরা সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন।
পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির পাথরঘাটা অভিযোগ কেন্দ্রের প্রকৌশলী বিকাশ চন্দ্র রায় বলেন, মার্চের শুরু থেকে বিদ্যুতের কাজের জন্য শুক্র ও শনিবারসহ সপ্তাহে চার দিন সকাল সাতটা থেকে বেলা তিনটা পর্যন্ত লাইন বন্ধ রাখা হয়। এভাবে জুন পর্যন্ত লাইন মেরামতের কাজ চলার কথা রয়েছে। এ ছাড়া রাতে চাহিদা অনুযায়ী লোডশেডিং করা হয়।
পাথরঘাটা মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থী ইসরাত জাহান বলেন, এক মাস ধরে গরম বেড়েছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিং। বিদ্যুৎ যে সময়ে চলে যাওয়ার কথা (সকাল সাতটা), সে সময়ে গেলেও ঠিক সময়ে আসে না। গতকাল শনিবারও বিদ্যুৎ এসেছে সন্ধ্যা ছয়টার দিকে।
চরদুয়ানী বাজারের করাত কল মালিক মজিবুর রহমান বলেন, ‘মাস দেড়েক ধরে লোডশেডিংয়ের কারণে কল চালু রাখতে পারছি না। এতে চেরাই করার জন্য আনা গাছের গুঁড়ি স্তূপ হয়ে পড়ে রয়েছে।’
উপজেলা শহরের রাজলক্ষ্মী স্বর্ণ ঘরের স্বত্বাধিকারী খোকন কর্মকার বলেন, লোডশেডিংয়ের কারণে স্বর্ণালংকার তৈরিসহ পালিশের কাজ চরমভাবে ব্যাহত হচ্ছে। এতে ক্রেতার চাহিদা অনুসারে স্বর্ণালংকার সরবরাহ করা যাচ্ছে না।
পাথরঘাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী প্রকৃতি বলেন, গত কয়েক দিনের গরমে বেশ কয়েকজন সহপাঠী অসুস্থ হয়ে পড়েছে। স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতিও কমেছে।
শহরে ভ্যান গাড়িতে করে খাবার পানি সরবরাহের কাজ করেন হেমায়েত উদ্দিন (৪৮)। তিনি বলেন, প্রচণ্ড গরমে দুই সপ্তাহ ধরে চাহিদা অনুযায়ী পানি সরবরাহ করা যাচ্ছে না। এতে পানির চাহিদা যেমন বেড়েছে, তেমনি ক্লান্ত থাকার কারণে চাহিদানুযায়ী পানি সরবরাহ করা যাচ্ছে না।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আনোয়ার উল্লাহ বলেন, প্রচণ্ড গরমে ডায়রিয়া, বমি, সর্দি-জ্বর ও নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে রোগীদের ভিড় বেড়েছে। তবে গরমে শিশুদের সমস্যাই বেশি। লোডশেডিংয়ের কারণে এক্স-রে পর্যন্ত ঠিকভাবে করা যাচ্ছে না।
পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির মঠবাড়িয়া কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) গোলাম মোর্শেদ বলেন, ৩৩ কিলোভোল্ট বিদ্যুৎ লাইনের মোটা তার সংযোজনের কাজ চলছে। এতে সপ্তাহে চার দিন বিদ্যুৎ লাইন বন্ধ রেখে আরও দেড় থেকে দুই মাস ধরে কাজ চলার কথা রয়েছে।