সপ্তাহের পাঁচ দিন বসবেন আপিল বিভাগ, চেম্বার কোর্ট তিন দিন
বিচারকাজ পরিচালনার জন্য আগামীকাল (১ জুন) থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সপ্তাহের পাঁচ দিন ভার্চ্যুয়ালি বসবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিয়ম চালু থাকবে। সপ্তাহের তিন দিন (রবি, মঙ্গল ও বৃহস্পতিবার) ভার্চ্যুয়ালি বসবেন আপিল বিভাগের চেম্বার আদালত। আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞা স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে আজ সোমবার এ তথ্য জানানো হয়েছে।
এ দিকে ভার্চুয়াল পদ্ধতিতে বিচারকাজ পরিচালনার জন্য আজ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন হাইকোর্টের ২১ টি বেঞ্চ গঠন করে দিয়েছেন। বেঞ্চ গঠন সংক্রান্ত আদেশ সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে প্রকাশ করা হয়। এসব বেঞ্চ আগামীকাল মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভার্চুয়ালি বিচারকাজ পরিচালনা করবেন।
আপিল বিভাগের রেজিস্ট্রারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আপিল বিভাগের ১ নম্বর কোর্টে শুধু ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে সপ্তাহের প্রতি রবি থেকে বৃহস্পতিবার (সাপ্তাহিক ও সরকারি ছুটি ছাড়া) সকাল সাড়ে নয়টা থেকে বেলা দেড়টা পর্যন্ত বিচার কার্যক্রম পরিচালিত হবে। এর মধ্যে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিরতি থাকবে।
আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ১ জুন থেকে সপ্তাহের প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার বেলা আড়াইটা থেকে ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে আপিল বিভাগের চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন।
করোনাভাইরাসের কারণে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারিক কার্যক্রম গত ১২ এপ্রিল থেকে সীমিত পরিসরে ভার্চ্যুয়াল উপস্থিতিতে চলছিল। আর ১২ এপ্রিল থেকে আপিল বিভাগের ১ নম্বর কোর্টে প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার বিচারিক কার্যক্রম চলে আসছে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে প্রতি সোম ও বুধবার অতি জরুরি বিষয়ে চেম্বার আদালতে বিচার কার্যক্রম চলছিল।
অন্যদিকে করোনার সংক্রমণ রোধে চলাচলে বিধিনিষেধ আরোপের পর ভার্চুয়াল পদ্ধতিতে বিচারকাজ পরিচালনার জন্য প্রথমে হাইকোর্টের চারটি বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি। এর ধারাবাহিকতায় পৃথক ১৬টি ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে বিচারকাজ চলে আসছিল। আজ হাইকোর্টের ২১টি বেঞ্চ গঠন সংক্রান্ত নতুন আদেশ এল।