সফটওয়্যার পার্কের যাত্রা শুরু

রাজধানীর কারওয়ান বাজারে জনতা টাওয়ারে অবস্থিত সফটওয়্যার টেকনোলজি পার্কের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তন (বিসিসি) থেকে গতকাল রোববার এর উদ্বোধন করেন।
সজীব ওয়াজেদ বলেন, ‘আমি যখন ভারতের বেঙ্গালুরুতে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি নিয়ে পড়তাম তখন সেখানে স্টার্ট আপস প্রতিষ্ঠানগুলো যাত্রা শুরু করে। আজ ভারত আউট–সোর্সিংয়ে অন্যতম বড় দেশ। বাংলাদেশও একদিন সে পর্যায়ে যাবে।’
সফটওয়্যার খাতের নতুন যাত্রা শুরু করা প্রতিষ্ঠানকে বলা হয় স্টার্ট আপস। জনতা টাওয়ারের সফটওয়্যার পার্কের একটি তলা শুধু এমন স্টার্ট আপ প্রতিষ্ঠানের জন্য সংরক্ষিত থাকবে বলে জানানো হয় অনুষ্ঠানে। এ ছাড়া পার্কে বরাদ্দ পাওয়া চারটি আইটি কোম্পানিকে আনুষ্ঠানিকভাবে জায়গা বুঝিয়ে দেওয়া হয়।
সফটওয়্যার তৈরিতে নিজের অভিজ্ঞতা তুলে ধরে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘প্রথম স্টার্ট আপ বেশির ভাগ ক্ষেত্রেই সফল হয় না। সফলতার জন্য নিজেকে উঠে দাঁড়িয়ে আবারও চেষ্টা করতে হয়, এটা আমার নিজের অভিজ্ঞতা। আশা করি ভবিষ্যৎ গুগল, ফেসবুক আপনাদের হাত থেকেই বেরিয়ে আসবে।’
ওই অনুষ্ঠানে ‘কানেকটিং স্টার্ট আপ বাংলাদেশ’ শীর্ষক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। সরকারের তথ্যপ্রযুক্তি (আইসিটি) বিভাগ ও হাইটেক পার্ক কর্তৃপক্ষ এর আয়োজন করেছে। এর মাধ্যমে ১০টি সেরা উদ্যোগকে এক বছরের জন্য বিনা মূল্যে সফটওয়্যার পার্কের চতুর্থ তলায় ‘স্টার্টআপ ইনকিউবেটরে’ জায়গা বরাদ্দ দেওয়া হবে। এ আয়োজনের সহযোগিতায় আছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার সার্ভিসেস (বেসিস) ও বিসিসি।
গতকাল থেকে শুরু হওয়া মাসব্যাপী এই প্রতিযোগিতার জন্য www.ictd.gov.bd/connectingstartups বা www.connectingstartupsbd.net লিংক থেকে আবেদন করতে হবে। যাচাই-বাছাইয়ের পর ডিসেম্বরে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ, আইসিটি সচিব শ্যামসুন্দর শিকদার, হাইটেক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হোসনে আরা বেগম প্রমুখ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে স্টার্টআপ বিষয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।