সফটওয়্যার ব্যবহারের ভুলের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের তৃতীয় বর্ষের ফলাফলে কিছু গরমিল হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্র এ কথা জানায়।
জানা যায়, কলেজে পাঠানো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল তালিকায় কিছু শিক্ষার্থীকে তৃতীয় বিভাগ দেখানো হয়। কিন্তু দুদিন পর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে দেখা যায় তাঁরা অকৃতকার্য। শেষের ফলাফল সঠিক বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ডিগ্রি পাস পরীক্ষায় একসময়ে একটি বিষয়ের তিনটি পত্রে পাস নম্বর ছিল ১০০। বর্তমানে একটি বিষয়ের চারটি পত্রে পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ১৩২। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ফলাফল তৈরিতে ব্যবহৃত সফটওয়্যারে পাস নম্বর ধরা হয় ১০০। এতে ফলাফলে গরমিল দেখা দেয়।
এ প্রসঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) বদরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘প্রোগ্রামিংয়ের ত্রুটির কারণে ডিগ্রি তৃতীয় বর্ষের ফলাফলে কিছুটা সমস্যা হয়েছে। পরে আমরা তা সংশোধন করেছি। এখন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সঠিক ফলাফল পাওয়া যাচ্ছে।’
নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রাম নগরের এমইএস কলেজের ২০১২ সালের ডিগ্রি পাস পরীক্ষায় অংশগ্রহণকারী এক শিক্ষার্থী বলেন, ‘২২ সেপ্টেম্বর ফলাফল প্রকাশিত হয়। ২৩ সেপ্টেম্বর কলেজ থেকে দেওয়া ফলাফল তালিকায় আমাকে তৃতীয় বিভাগে উত্তীর্ণ দেখানো হয়। এরপর আমি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে দেখি সেখানে আমাকে ফেল দেখানো হয়েছে। তাহলে কোনটি সঠিক ফলাফল? অধ্যক্ষ মহোদয়কে বিষয়টি জানানো হলে ১০-১২ দিন পরে যোগাযোগ করতে বলেন।’
জানা যায়, এ কলেজের অন্তত ৪০ জন পরীক্ষার্থীর ফলাফলে এভাবে গরমিল হয়েছে।
এমইএস কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম চৌধুরী বিষয়টি স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করেছি। কিন্তু সেই মুহূর্তে কোনো খবর না পাওয়ায় আমরা শিক্ষার্থীদের পরে যোগাযোগ করতে বলেছি। গত সোমবার সংশোধিত তালিকা হাতে পেয়েছি।’
অধ্যক্ষ শিক্ষার্থীদের ৮ অক্টোবর অফিস চলাকালে ফলাফল সংগ্রহ করতে অনুরোধ জানিয়েছেন।
গত ২২ সেপ্টেম্বর ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের ফলাফল প্রকাশিত হয়। এরপর অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখ প্রকাশ করে ২৫ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে ফলাফল সংশোধনসংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে বলা হয়, ‘২০১২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার কিছুসংখ্যক পরীক্ষার্থীর শুধু তৃতীয় বর্ষের ফলাফলে ত্রুটি পরিলক্ষিত হওয়ায় তা সংশোধন করে অদ্য ২৫-০৯-২০১৪ তারিখ পুনরায় প্রকাশ করা হলো।’