সফটওয়্যার রপ্তানি বাড়াতে শিক্ষায় ডিজিটাল সংস্কার দরকার
২০২১ সালের মধ্যে সফটওয়্যার খাত থেকে পাঁচ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্য অর্জন করতে হলে দেশের শিক্ষা ব্যবস্থার ডিজিটাল সংস্কারে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে দেশীয় সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা উন্নয়নেও জোর দিতে হবে।
‘বেসিস সফট এক্সপো ২০১৭’-এর সমাপনী আলোচনা অধিবেশনে এ মতামত ব্যক্ত করেছেন এ খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা।
এ অধিবেশনের মাধ্যমে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ শনিবার চার দিনব্যাপী সফটওয়্যার প্রদর্শনী শেষ হলো। আলোচনা অধিবেশনের বিষয়বস্তু ছিল ‘রোডস টু ফাইভ বিলিয়ন: পয়েন্টস টু পন্ডার’। বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি রাসেল টি আহমেদের সঞ্চালনায় এ আলোচনায় বিশেষ অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ।
আলোচনায় অংশ নিয়ে বেসিস সভাপতি মোস্তাফা জব্বার বলেন, সফটওয়্যার খাতের কাঁচামাল হলো দক্ষ মানবসম্পদ। এ খাতে লাখ ডলার আয় করার জন্য মানবসম্পদ তৈরি করতে হলে শিক্ষা ব্যবস্থার ডিজিটাল সংস্কার করতে হবে। কম্পিউটার বিজ্ঞানের পাঠ্যক্রম যুগোপযোগী করে তৈরি করতে হবে।
বেসিসের সাবেক সভাপতি শামীম আহসান বলেন, আইসিটি খাতের বড় অঙ্কের কাজগুলোতে বিদেশি আইটি কোম্পানিগুলোকে প্রাধান্য দেওয়া হয়। এর ফলে দেশীয় প্রতিষ্ঠানগুলো বড় হতে পারছে না। দেশীয় প্রতিষ্ঠানের তৈরি ‘চলো’ সাড়া ফেলতে পারে না, কিন্তু উবার এলে হইচই পড়ে, এমন মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে।
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, আইসিটি বিভাগের সব কাজ দেশীয় আইটি কোম্পানিগুলোকে দিয়ে করাতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। তরুণ প্রজন্মের জন্য আইসিটির প্রাথমিক জ্ঞান স্কুলেই দেওয়ার ব্যবস্থা করতেও কাজ চলছে।
আলোচনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান খান চৌধুরী, ইনসেপ্টা ফার্মার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও আবদুল মুক্তাদির, রিভস সিস্টেমসের গ্রুপ সিইও রেজাউল হাসান প্রমুখ।