সফর নিয়ে উচ্ছ্বসিত মোদি কাল আসছেন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর বাংলাদেশ সফর নিয়ে বেশ আশাবাদের কথা শুনিয়েছেন। এ সফর দুই দেশের জনগণের পাশাপাশি দক্ষিণ এশিয়ার প্রতিবেশীদের জন্য ব্যাপক কল্যাণ বয়ে আনবে বলে তিনি বিশ্বাস করেন।
দুই দিনের সফরে কাল শনিবার সকালে ঢাকায় আসছেন নরেন্দ্র মোদি। তার আগে গতকাল ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে এই আশাবাদের কথা বলেন তিনি। তাঁর সফরসঙ্গী হিসেবে আজ শুক্রবার রাতেই ঢাকা আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দুই দিনের সফরে নরেন্দ্র মোদি প্রায় ৮০ জনের ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দিল্লি থেকে যোগ দেওয়া ২৪ সদস্যের প্রতিনিধিদলে কোনো মন্ত্রী নেই। থাকছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও পররাষ্ট্রসচিব এস জয়শঙ্কর।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, মোদির এ সফরে যোগাযোগ, নিরাপত্তা, বাণিজ্যের মতো বিষয়গুলো অগ্রাধিকার পাবে।
নরেন্দ্র মোদি তাঁর ফেসবুক পেজে লিখেছেন, ‘দুই দিনের সফরে ৬ জুন আমি বাংলাদেশ যাচ্ছি। অত্যন্ত উৎসাহ ও আনন্দের সঙ্গে বলতে চাই, আমি এমন এক দেশ সফরে যাচ্ছি, যার সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত শক্তিশালী।’
দুই দিনের কর্মসূচির উল্লেখ করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনাসহ বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন তিনি। দুই দেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ে বৈঠক ও চুক্তি সই হবে। বিভিন্ন মঞ্জুরি সহায়তা প্রকল্পের ফলক উন্মোচন করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে রেলওয়ে, সংস্কৃতি ও সড়ক প্রকল্পের ফলক উন্মোচন করা হবে। একইভাবে নতুন চ্যান্সেরি ভবনে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন করবেন ভারতের প্রধানমন্ত্রী।
মোদি ফেসবুকে লিখেছেন, ‘একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আমি সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাব। ভারতের বন্ধু এবং দক্ষিণ এশিয়ার শক্তিমত্তা ও গণতন্ত্রের স্তম্ভ শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে ও বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শনে অধীর আগ্রহে রয়েছি। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে গুরুত্ব দানকারী ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির পক্ষে স্বাধীনতা সম্মাননা গ্রহণ আমার জন্য সম্মানজনক বিষয়।’
মোদি আরও লেখেন, বাংলাদেশের সঙ্গে ১৯৭৪ সালের স্থলসীমান্ত চুক্তি এবং এ-সংক্রান্ত ২০১১ সালের প্রটোকল পূর্ণ বাস্তবায়নের জন্য কয়েক সপ্তাহ আগে ভারতের সংসদ সর্বসম্মতভাবে সংবিধান সংশোধনী বিল অনুমোদন করেছে। সংবিধান সংশোধনী বিল নির্বিঘ্নে পাসের জন্য তিনি বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সমর্থনের বিষয়টিতে অবশ্যই গুরুত্ব দিতে চান। এই অনুসমর্থন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের জন্য এক সন্ধিক্ষণ বলে উল্লেখ করেন তিনি।
মোদি বলেন, ‘ব্যাপকতরভাবে মানুষে-মানুষে বন্ধন ও যোগাযোগ বিকাশের লক্ষ্যে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে কলকাতা-ঢাকা-আগরতলা এবং কলকাতা-শিলং-গুয়াহাটি রুটের বাস চলাচল উদ্বোধন করব। আমি ঢাকায় রামকৃষ্ণ মিশন পরিদর্শনে যাব, যা ১৮৯৯ সালে প্রতিষ্ঠা করেছিলেন বেলুর মঠের ভক্তরা। আমি ঢাকায় ঢাকেশ্বরী মন্দিরও পরিদর্শন করব।’
দুই দিনের সফরের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে নরেন্দ্র মোদি বলেন, ‘আমি নিশ্চিত এ সফর দুই দেশের জনগণ এবং দক্ষিণ এশিয়ার প্রতিবেশীদের ব্যাপক কল্যাণে সুফল বয়ে আনবে।’