সফর ফলপ্রসূ ও সফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সদ্যসমাপ্ত সফরের তাৎপর্যকে ইতিবাচকভাবে তুলে ধরেছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম। তাঁর এ সফরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী দেশটির দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং এক নতুন মাত্রায় উন্নীত হবে বলে আশা প্রকাশ করে সম্পাদকীয় লিখেছে প্রভাবশালী সব গণমাধ্যম।
প্রধানমন্ত্রী মোদির সফরে একগুচ্ছ চুক্তি সই হলেও সেগুলোর মধ্যে স্থলসীমান্ত চুক্তি, বাংলাদেশের অবকাঠামো ও অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ডে ২০০ কোটি ডলারের নতুন ঋণ-সহায়তার ঘোষণা, উপকূলীয় নৌ চলাচল চুক্তি, নতুন বাসসেবার উদ্বোধন ইত্যাদি বিষয় দ্বিপক্ষীয় ওই সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করা হয় সম্পাদকীয়তে।
এ ছাড়া সম্পাদিত চুক্তিগুলোর মাধ্যমে উভয় দেশের বাণিজ্য, বিনিয়োগ ও ব্যবসা প্রসারেও নতুন ক্ষেত্র তৈরি হবে—সম্পাদকীয়তে এমনটাই আশা প্রকাশ করা হয়। মোদির ঢাকা সফরকে এক কথায় ফলপ্রসূ ও সফল বলে আখ্যায়িত করা হয় এসব সম্পাদকীয়তে।
বহুল প্রচারিত ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া বলেছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে বাংলাদেশ যদি ভারতের সড়ক সেতু হয়ে ওঠে, তবে পূর্ব ও উত্তর-পূর্ব ভারতীয় রাজ্যগুলোর মৃতপ্রায় অর্থনীতি আবার পুনরুজ্জীবিত হবে। ভারত যেখানে পশ্চিমে পাকিস্তান-সংলগ্ন সীমান্ত নিয়ে কঠিন সমস্যার মুখোমুখি, সেখানে পূর্ব সীমান্তে অপেক্ষা করছে অনেক সুযোগই সদ্ব্যবহারের।
এ পত্রিকার সম্পাদকীয় শিরোনাম ‘দুয়ার খুলছে: মোদির সফল ঢাকা সফর উপমহাদেশের বার্লিন ওয়াল পতনের আশাবাদ জাগাচ্ছে’। সম্পাদকীয়তে আরও বলা হয়, স্থলসীমান্ত চুক্তির ফলে দুই দেশের সীমান্ত সমস্যাগুলোর সমাধান হবে এবং ছিটমহলের বাসিন্দারা নাগরিকত্ব পাবে। বাংলাদেশের সঙ্গে নৌসীমার বিষয়টি ইতিমধ্যে নিষ্পত্তি হয়েছে।
হিন্দুস্তান টাইমস-এর সম্পাদকীয়তে মোদির ঢাকা সফরকে এ পর্যন্ত তাঁর বিদেশ সফরের মধ্যে অন্যতম ফলপ্রসূ বলে উল্লেখ করা হয়। এতে বলা হয়, বাংলাদেশের সঙ্গে স্থলসীমান্ত চুক্তি হওয়ায় দুই দেশের মধ্যে ৪১ বছরের বিরোধ ও ছিটমহলের ৫০ হাজার বাসিন্দার রাষ্ট্রহীন অবস্থার অবসান হয়েছে।
চট্টগ্রাম ও মংলা বন্দরে ভারতীয় পণ্যবাহী জাহাজ প্রবেশের সুযোগ তৈরি হওয়ার বিষয়ের প্রশংসা করে পত্রিকাটি আরও বলেছে, ‘বর্তমানে ভারতীয় জাহাজ প্রথমে সিঙ্গাপুরে গিয়ে পণ্য খালাস করে। পরে সেগুলো বাংলাদেশে পাঠানো হয়। এতে ৪০ দিন সময় লাগত। চুক্তির ফলে এখন তা করতে লাগবে কেবল সাত দিন।’
‘টেকিং দ্য লিপ’ (সুযোগের সদ্ব্যবহার) শিরোনামে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর সম্পাদকীয়তে বলা হয়, মোদির বাংলাদেশ সফর প্রতিবেশীদের সঙ্গে ভারতের আরও উদ্দেশ্যপূর্ণ ও সমস্যা-উত্তরণ নীতিরই প্রত্যয়ী ঘোষণা। চ্যালেঞ্জ হলো, সফরে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তার বাস্তবায়ন। এটি করতে হলে প্রয়োজন পড়বে কঠোর পরিশ্রমের। ইতিপূর্বে বাস্তবায়নের ধীরগতির কারণে বহু কষ্টে অর্জিত রাজনৈতিক অর্জন ম্লান হয়ে গেছে।
পত্রিকাটি আরও বলেছে, গুরুত্বপূর্ণ আরও কিছু ইস্যু এখনো রয়েছে অমীমাংসিত। তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে ২০১১ সালে হওয়া সমঝোতা আটকে আছে মাঝপথেই। সীমান্তে শ্রমিকদের আসা-যাওয়ার বিষয়কে অবৈধ অভিবাসনের ফ্রেমে না আটকে এ নিয়ে একটা গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করতে হবে। পত্রিকাটি স্থলসীমান্ত চুক্তিকে এক বিরাট অর্জন বলেও উল্লেখ করেছে।
‘ঢাকায় মোদির দিন’ শিরোনাম দ্য হিন্দুর সম্পাদকীয়র। এতে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয়। এ লক্ষ্যে নরেন্দ্র মোদি যে পদক্ষেপ নিয়েছেন, তার প্রশংসা করা হয়।
এ পত্রিকা বলেছে, মোদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশের ভূ-কৌশলগত গুরুত্ব বোঝাতে সক্ষম হয়েছেন। তাই তো ২০১১ সালে তৎকালীন কংগ্রেস সরকারের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের সঙ্গী না হলেও বর্তমান বিজেপি সরকারের এক বছরেই দুবার বাংলাদেশ সফর করেছেন তিনি।