সফর শেষে ভারতীয় নৌবাহিনীর জাহাজের চট্টগ্রাম ত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুভেচ্ছা সফর শেষে ভারতীয় নৌবাহিনী ও কোস্টগার্ডের তিনটি জাহাজ গতকাল মঙ্গলবার চট্টগ্রাম ড্রাই ডক জেটি ছেড়ে গেছে। চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন কামাল নাসের আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।
পাঁচ দিনের শুভেচ্ছা সফরে আসা তিনটি জাহাজ হলো ‘আইএনএস তীর’, ‘আইএনএস সুজাতা’ ও ‘আইসিজিএস ভারুণা’।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাঁচ দিনের এ সফরের সময় জাহাজ তিনটির অধিনায়কেরা চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এম শাহীন ইকবালসহ নৌ প্রশাসনের কর্মকর্তা, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান ও কোস্টগার্ড পূর্বাঞ্চলের আঞ্চলিক কমান্ডারের সঙ্গে সাক্ষাৎ করেন। জাহাজ তিনটির কর্মকর্তা ও নাবিকেরা বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ সমুদ্র জয়, সমুদ্র অভিযানসহ বাংলাদেশ নেভাল একাডেমি, ‘স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার অ্যান্ড ট্যাকটিকস (এসএমডব্লিউটি) এবং বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটি পরিদর্শন করেন।