
জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা গতকাল শুক্রবার দুই দিনের সফরে ঢাকায় এসেছেন। আজ শনিবার সকালে তিনি পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে তাঁর দপ্তরে আনুষ্ঠানিক বৈঠক করবেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।
বাংলাদেশে ৫ জানুয়ারির সাধারণ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের প্রেক্ষাপটে জাপানি পররাষ্ট্রমন্ত্রীর এ সফরকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
রাতে ফুমিও কিশিদা ঢাকায় পৌঁছালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
দশম সংসদ নির্বাচনের পর এটাই কোনো দেশ থেকে বাংলাদেশে উচ্চপর্যায়ের প্রথম সফর। তা ছাড়া ২০০৬ সালের পর ফুমিও কিশিদা ঢাকা সফরকারী জাপানের প্রথম পররাষ্ট্রমন্ত্রী। সে বছরের জুলাইতে জাপানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী তারো আসো ঢাকায় এসেছিলেন।
টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন গত বৃহস্পতিবার সন্ধ্যায় ফোনে প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফুমিও কিশিদার বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হবে। এ সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে। এ ছাড়া এ সফরের পর জাপানের পরিকল্পিত ৩৫তম আনুষ্ঠানিক উন্নয়ন সহযোগিতার (ওডিএ) আওতায় বাংলাদেশের জন্য বরাদ্দকৃত সহায়তার ঘোষণা হতে পারে।
ঢাকা ও টোকিওতে কর্মরত বাংলাদেশের কূটনীতিকেরা গত ৫ জানুয়ারির নির্বাচনের প্রেক্ষাপটে এ সফরকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখছেন। বিরোধী দল বিএনপিকে ছাড়া অনুষ্ঠিত ৫ জানুয়ারির নির্বাচনের ব্যাপারে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী জাপানও উদ্বেগ প্রকাশ করেছিল।