সফররত কম্বোডিয়ার প্রধানমন্ত্রী অসুস্থ

ঢাকায় সফররত কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন অসুস্থ। অসুস্থতার কারণে আজ মঙ্গলবার সকালে তাঁর পূর্বনির্ধারিত কয়েকটি কর্মসূচি বাতিল করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত রাষ্ট্রাচারপ্রধান আসাদ আলম প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন। তবে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে হুন সেনের পূর্বনির্ধারিত আনুষ্ঠানিক বৈঠকটি হবে।
আজ সকালে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলমের সঙ্গে হোটেল সোনারগাঁওয়ে কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাতের কথা ছিল। দুটি সাক্ষাত্ই বাতিল হয়েছে। এ ছাড়া বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আজ দুপুরে সেখানে যাবেন তিনি।
বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক বৈঠক হওয়ার কথা।
বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগসহ দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হবে। বৈঠক শেষে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে যৌথ কমিশন প্রতিষ্ঠা, বিনিয়োগ সুরক্ষা এবং সাংস্কৃতিক বিনিময়ের জন্য তিনটি চুক্তি এবং কৃষিতে বৈজ্ঞানিক ও কারিগরি সহযোগিতামূলক একটি সমঝোতা স্মারক সই হবে।
আগামীকাল বুধবার সকালে দেশের উদ্দেশে ঢাকা ছাড়বেন হুন সেন।
তিন দিনের সফরে গতকাল সোমবার সকালে ঢাকায় আসেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির কোনো প্রধানমন্ত্রীর এটাই প্রথম ঢাকা সফর। তিনি ২৭ সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।