সফররত ভুটানের মন্ত্রীর হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সফররত ভুটানের সড়ক যোগাযোগ ও তথ্যমন্ত্রী লিওপন নন্দলাল রায়কে বহনকারী হেলিকপ্টারে ত্রুটি দেখা দেওয়ায় গতকাল বৃহস্পতিবার তাঁর সৈয়দপুর বিমানবন্দর পরিদর্শন প্রায় দেড় ঘণ্টা বিলম্বিত হয়।জানা গেছে, ভুটানের মন্ত্রী লিওপন রায়সহ বাংলাদেশের বেসরকারি বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদের গতকাল সকাল সাড়ে নয়টায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি হেলিকপ্টারযোগে পাহাড়পুরে আসেন। তাঁরা পাহাড়পুর বৌদ্ধবিহার ও বিহারসংলগ্ন জাদুঘর পরিদর্শন করেন। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন ঢাকায় নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত বাপ কিষান, পর্যটন মন্ত্রণালয়ের সচিব আতাহারুল ইসলাম, ভুটানের সিভিল অ্যাভিয়েশনের মহাপরিচালক মি. দর্জি। বৌদ্ধবিহার পরিদর্শন শেষে ভুটানের মন্ত্রীসহ বেসরকারি বিমান চলাচল মন্ত্রীর সকাল সাড়ে ১০টার দিকে সৈয়দপুর বিমানবন্দর পরিদর্শনের উদ্দেশে পাহাড়পুর ত্যাগ করার কথা ছিল। কিন্তু হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় তাঁদের পাহাড়পুরে প্রায় দেড় ঘণ্টা যাত্রাবিরতি দিতে হয়। পরে বাংলাদেশ বিমানবাহিনীর পৃথক একটি হেলিকপ্টার ঢাকা থেকে এসে দুপুর ১২টা ১০ মিনিটে দুই মন্ত্রীকে সৈয়দপুরে নিয়ে যায়।বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ওয়াহেদুজ্জামান জানান, ঢাকা থেকে আসা বিমানবাহিনীর ওই হেলিকপ্টারে কয়েকজন প্রকৌশলী ছিলেন। তাঁরা আগের হেলিকপ্টারটির মেরামত করে ওই হেলিকপ্টার নিয়ে ঢাকায় ফিরে যান।বদলগাছী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।