সফল অস্ত্রোপচারে ভারমুক্ত হলো আবুলের ডান হাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুল বাজনদার
আবুল বাজনদার

বিরল রোগে আক্রান্ত আবুল বাজনদারের ডান হাতের দুটি আঙুল ‘জট’মুক্ত করার পরিকল্পনা নিয়ে অস্ত্রোপচার কক্ষে ঢুকেছিলেন মেডিকেল বোর্ডের সদস্যরা। সেখানেই চিকিৎসকদের তাৎক্ষণিক সিদ্ধান্তে তাঁর পাঁচটি আঙুল জটমুক্ত হলো।
অস্ত্রোপচারের ঘণ্টা খানেক পর আবুল বাজনদার হাসিমুখে বললেন, ‘দুর্বল শরীর তো। ভয় লাগছিল। ভালো লাগছে এখন।’
গতকাল শনিবার সকাল সোয়া ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আবুলের অস্ত্রোপচার হয়। ‘ট্রিম্যান’ সিনড্রোমে ভোগা বিশ্বের চতুর্থ রোগী হিসেবে দেশি-বিদেশি সংবাদমাধ্যমে ইতিমধ্যে আলোচনায় এসেছেন তিনি। তাঁর হাত-পায়ের আঙুল অনেকটা ‘শিকড়ের মতো জটে’র আকার ধারণ করেছে। গত ৩০ জানুয়ারি তিনি ঢাকা মেডিকেলে ভর্তি হন।
মাথার টুপি বা অস্ত্রোপচারের গাউনটিও পরিবর্তনের সময় পাননি চিকিৎসকেরা। অস্ত্রোপচার কক্ষ থেকে গতকাল সরাসরি সংবাদ সম্মেলনে এসে বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন তাঁরা। অস্ত্রোপচারটি তাঁদের ভাষায় ‘যথেষ্ট জটিল’ ছিল। তবে রোগীর হাসিমুখ তাঁদের শঙ্কামুক্ত করেছে।
আবুলের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড এবং বার্ন ও প্লাস্টিক সার্জারির বিভাগীয় প্রধান আবুল কালাম বলেন, ‘গাছের শিকড়ের মতো বৃদ্ধির কারণে আঙুলগুলো চিহ্নিত করা যাবে কি না, তা নিয়ে সংশয় ছিল। পাঁচটি আঙুলই আমরা খুঁজে পেয়েছি। আশার কথা, আঙুলগুলোয় স্বাভাবিক রক্ত চলাচল আছে। এটি একটি ভালো লক্ষণ।’
প্রথমে শুধু বুড়ো আঙুল ও তর্জনীতে অস্ত্রোপচারের কথা ছিল। কিন্তু পরে পাঁচটি আঙুলেই অস্ত্রোপচার করার কারণ জানতে চান সাংবাদিকেরা। আবুল কালাম বলেন, ‘বেশ দ্রুতই আমরা ডান হাতের দুটি আঙুল খুঁজে পাই। পরে বোর্ডের সবার সম্মতিতে পাঁচটি আঙুলেই অস্ত্রোপচারের তাৎক্ষণিক সিদ্ধান্ত নিই। আপনি যদি সাত দিন হাতে কোনো কাজ না করেন, অষ্টম দিনে হাতটি ঠিকমতো কাজ করবে না। আবুলের হাতটি প্রচণ্ড ভারী হয়ে ছিল। অকেজো হয়ে ছিল গত পাঁচ বছর। কিন্তু রক্ত সঞ্চালন থাকায় আমরা আশা করছি, সাধারণ কাজকর্ম হয়তো তিনি করতে পারবেন।’
মেডিকেল বোর্ডের সদস্যরা অস্ত্রোপচারের পুরো প্রক্রিয়ার বর্ণনা দেন। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের সংক্রমণের কারণে ‘এপিডার্মোডিসপ্লাসিয়া ভেরাসিফরমিস’ বা ‘ট্রিম্যান’ (বৃক্ষমানব) সিনড্রোমে আক্রান্ত আবুল। এই ভাইরাসের সংক্রমণে ক্যানসার হয়ে থাকে। অস্ত্রোপচারের আগেই ক্যানসার আছে কি না সেই পরীক্ষাসহ, প্রয়োজনীয় বাকি সব পরীক্ষা-নিরীক্ষা করেন চিকিৎসকেরা। অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে আবুলকে অস্ত্রোপচারের জন্য প্রস্তুতি নিতে প্রায় তিন সপ্তাহ লেগেছে। মারাত্মক অপুষ্টিতে ভোগার কারণে তাঁর পক্ষে অস্ত্রোপচারের ধাক্কা সামলানো কঠিন ছিল।
অস্ত্রোপচারের জন্য গতকাল আবুলকে পুরোপুরি অজ্ঞান করা হয়নি। বোর্ড বলছে, পুরোপুরি অজ্ঞান করা হলে হৃদ্যন্ত্র, ফুসফুস ও মস্তিষ্কে বিরূপ প্রভাবের আশঙ্কা থাকে। তাঁর শুধু ডান হাতটি অবশ করা হয়েছে। ছুরি ব্যবহার না করে চিকিৎসকেরা ইলেকট্রো সার্জারি করেন। এতে অস্ত্রোপচার হয়েছে দ্রুত, রক্তপাত হয়েছে খুবই কম।
ছয় সদস্যের মেডিকেল বোর্ডে আরও তিনজনকে যুক্ত করা হয়। ঢাকা মেডিকেল কলেজের সার্জারির বিভাগীয় প্রধান এ বি এম খুরশীদ আলম ও মাইক্রোবায়োলজির প্রধান শহীদুল ইসলাম ছাড়াও দেশের শীর্ষস্থানীয় চর্মরোগ বিশেষজ্ঞ এম ইউ কবীর চৌধুরীকে বোর্ডে যুক্ত করা হয়। সরকারি হাসপাতালে চাকরি না করলেও শুধু আবুলের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ এম ইউ কবীরকে আমন্ত্রণ জানায়।
এম ইউ কবীর বলেন, ‘আগামীকাল সোমবার আবুলের হাতের ব্যান্ডেজটি খোলার কথা রয়েছে। এরপর আমরা লো লেভেল রাইট থেরাপি দেব। এতে তাঁর হাতে রক্ত চলাচল বাড়বে, ব্যাকটেরিয়া দমন করা সম্ভব হবে, স্নায়ুর কার্যকারিতা ও রোগ প্রতিরোধক্ষমতা বাড়বে।’
পরের অস্ত্রোপচারটির জন্য কমপক্ষে তিন সপ্তাহ অপেক্ষা করতে হতে পারে বলে জানিয়েছেন মেডিকেল বোর্ডের সদস্যরা।
আবুল কালাম বলেন, আবুলের চিকিৎসায় অস্ট্রেলিয়ার রয়াল মেলবোর্ন হাসপাতাল ও যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনের চিকিৎসকদের সঙ্গে তাঁদের নিয়মিত যোগাযোগ আছে।
তবু শঙ্কা: চিকিৎসকেরা বলছেন, আপাতত ডান হাত ভারমুক্ত হলেও নতুন করে আবুলের হাতের আঙুলে আবারও এমন ‘শিকড়ের’ বৃদ্ধির আশঙ্কা থেকে যাচ্ছে। আবুল যে রোগটিতে ভুগছেন, তার উৎপত্তি জিনগত কারণে। ডিএনএর ঠিক কোন জায়গাটিতে অসংগতি, সেটি ধরতে হলে ‘ডিএনএ ম্যাপিং’ করতে হবে। এই ম্যাপিংয়ের কাজ এখন যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠানে চলছে। ওই প্রতিবেদন হাতে পেতে আরও প্রায় দুই মাস সময় লাগবে। এরপর আবুলের অস্থিমজ্জা প্রতিস্থাপন করতে হতে পারে।
পরিবারের সদস্যরা খুশি: অস্ত্রোপচারের পর পোস্ট অপারেটিভ কক্ষে আবুলের কাছে দাঁড়িয়ে ছিলেন বার্ন ও প্লাস্টিক সার্জারির জাতীয় সমন্বয়ক সামন্ত লাল সেন। আবুল হাসিমুখে টুকটাক কথা বলছিলেন তাঁর সঙ্গে। মাথার কাছে তখন দাঁড়িয়ে স্ত্রী ও একমাত্র মেয়েটি। সামন্ত লাল সেন বলেন, এমন একটা অস্ত্রোপচারের পর আবুলের মুখের এই হাসিটাই বড় পাওয়া। এটা এক বিরাট স্বস্তি।
কথা হয় আবুলের মা আমিনা বেগমের সঙ্গে। প্রথম আলোকে তিনি বলেন, ‘বেশি কথা বলতে দেয়নে। তবে ছেলে ভালো আছে বলিছে। আপনারা সবাই দোয়া করেন, ছেলেটা যেন আমার কোলে ফিরি আসে।’ সন্তুষ্ট আবুলের বাবা মানিক বাজনদারও। দরিদ্র পরিবারের প্রায় পঙ্গু ছেলেটির কোনো দিন চিকিৎসা হবে, সে আশাই ছেড়ে দিয়েছিলেন তিনি।