শেষ পর্যন্ত প্রশাসনের নির্ধারণ করে দেওয়া স্থানে আজ মঙ্গলবার কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বিএনপির নেতা-কর্মীরা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেও প্রশাসন তাঁদের খোলা স্থানে সম্মেলন করার অনুমতি দেয়নি। সম্মেলন ঘিরে দলের ঝিমিয়ে পড়া নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।
সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ শহরের গাইটাল এলাকার অতিথি কমিউনিটি সেন্টারে এ সম্মেলন শুরু হবে। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। এ ছাড়া এতে কেন্দ্র থেকে আসা বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, যুগ্ম মহাসচিব মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ ও সহসাংগঠনিক সম্পাদক ওয়ারেছ আলী উপস্থিত থাকবেন।
দলীয় সূত্রে জানা গেছে, সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য ছয় নেতা প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন সভাপতি পদে জেলা বিএনপির বর্তমান কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি শরীফুল আলম, সহসভাপতি মাসুদ হিলালী ও রেজাউল করিম খান এবং সাধারণ সম্পাদক পদে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ ও সাংগঠনিক সম্পাদক ঈসরাইল মিয়া।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ১৯৯৩ সালে কিশোরগঞ্জ জেলা বিএনপির সর্বশেষ সম্মেলন হয়েছিল বলে জানালেও বিএনপির অন্য নেতারা ২০০৯ সালে সর্বশেষ সম্মেলন হয় বলে জানিয়েছেন। এর মধ্যে কয়েকবার কেন্দ্র থেকে কিশোরগঞ্জ জেলা বিএনপির কমিটি করে দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে আরও জানা গেছে, দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জ বিএনপির নেতৃত্ব নিয়ে রয়েছে নানা বিরোধ। ২০১১ সালে কেন্দ্র থেকে একটি কমিটি করে দেওয়া হলেও বিরোধ মেটেনি। ওই কমিটিতে আইনজীবী ফজলুর রহমানকে জেলা বিএনপির সভাপতি ও মাজহারুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়। আন্দোলন-সংগ্রামে মাঠে পাওয়া যায়নি দলটির শীর্ষ নেতাদের। অনেকেই ঢাকায় থাকেন। যে কয়েকজন এলাকায় আছেন, তাঁরাও আবার মামলা-হামলার ভয়ে অনেকটাই নিষ্ক্রিয়।
জেলা বিএনপির সহসভাপতি মাসুদ হিলালী বলেন, যাঁরা কখনো রাজপথে থাকেন না, দলের জন্য আন্দোলন করেন না, তাঁরা জেলা বিএনপির গুরুত্বপূর্ণ পদ দখল করে আছেন। গত পাঁচ বছরে শেষ কমিটি হওয়ার পর থেকে জেলা বিএনপির কোনো উল্লেখযোগ্য কর্মকাণ্ড ছিল না। অনেকটা নিষ্ক্রিয় ছিলেন তাঁরা। এতে দলের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন।
জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি শরিফুল আলম বলেন, ‘আমাদের ইচ্ছা ছিল খোলা মাঠে অনেক জাঁকজমকপূর্ণভাবে সম্মেলন করার। কিন্তু প্রশাসনের কঠোরতার জন্য ছোট পরিসরে সম্মেলন করতে হচ্ছে। যেখানে ২ হাজার ১২১ জন কাউন্সিলর ও ১ হাজারের ওপরে ডেলিগেটের জন্য জায়গার সংকুলান হবে না। এ ছাড়া প্রশাসনের বেঁধে দেওয়া সময় বিকেল চারটার মধ্যে সম্মেলন শেষ করা কষ্টকর হবে। সম্মেলন সফল করার জন্য কিশোরগঞ্জ জেলা বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে।’
জেলা বিএনপির সভাপতি ফজলুর রহমান বলেন, ‘সম্মেলন সুষ্ঠুভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় হবে। কাউন্সিলরদের মতামত ছাড়া কমিটি হবে না। এর বাইরে গোপনে ও ফাঁকিবাজি করে কিছু হবে না। তবে কেন্দ্র এবং খালেদা জিয়া যে সিদ্ধান্ত নেবেন, তা-ই অনুমোদন করা হবে।’