সফল গ্রাফিকস ডিজাইনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পলা শের
পলা শের

আঁকাআঁকির বিষয়টি ছিল শখ। সেটিকেই পরবর্তী সময়ে পেশা হিসেবে বেছে নেওয়া। গ্রাফিক ডিজাইন, পেইন্টিং নানা কাজ করতে থাকেন। এসবের মাধ্যমে পলা শের হয়ে ওঠেন একজন সফল গ্রাফিক ডিজাইনার। গ্রাফিক ডিজাইন ইউএসএ ম্যাগাজিনের করা বর্তমান সময়ের শীর্ষ দশ ডিজাইনারের তালিকায় আছে পলার নাম। গত ৫০ বছরের সেরা দশ পোস্টার ডিজাইনের তালিকাতেও আছে পলা শেরের নাম।
মার্কিন এই ডিজাইনারের জন্ম ১৯৪৮ সালে। পেনসিলভানিয়ায় টেইলর স্কুল অব আর্ট থেকে ফাইন আর্টস বিষয়ে স্নাতকধারী পলা শের পড়াশোনা শেষে নিউইয়র্ক সিটিতে পাড়ি জমান। প্রথম চাকরি নেন একটি প্রকাশনা প্রতিষ্ঠানের শিশুদের বইয়ের লে-আউট আঁকাআঁকির কাজে। তিনি জনপ্রিয় ডিজাইন স্টুডিও পেন্টাগ্রামের প্রথম নারী অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেন ১৯৯১ সালে।
১৯৭২ সালে পলা শের সনি মিউজিক এন্টারটেইনমেন্ট (তৎকালীন সিবিএস রেকর্ডস) বিজ্ঞাপন ও প্রচারণা বিভাগে যোগ দেন। এই প্রতিষ্ঠানের আট বছরের চাকরিজীবনে জনপ্রিয় অনেকগুলো অ্যালবামের কাভারের ডিজাইন করেন তিনি। এ ছাড়া পলা শের নিউইয়র্কের স্কুল অব ভিজ্যুয়াল আর্টসের ডিজাইন শিক্ষক হিসেবেও কাজ করেছেন দীর্ঘ সময় ধরে। ডিজাইনের পাশাপাশি ব্র্যান্ডিং-সংক্রান্ত কাজে নিউইয়র্ক সিটির দ্য পাবলিক থিয়েটার, নিউইয়র্কের কেন্দ্রীয় পার্কের শেক্সপিয়ার উৎসব, দ্য মিউজিয়াম অব মডার্ন আর্ট, দ্য মেট্রোপলিটন অপেরাসহ গুরুত্বপূর্ণ সব স্থানের ব্র্যান্ডিং ও ডিজাইনে নতুন এক মাত্রা যোগ করেন তিনি। কাজ করেছেন পরিবেশবিষয়ক নানা ধরনের গ্রাফিক ডিজাইনের। অনেকগুলো লোগোর ডিজাইন করা পলা শেরের তৈরি লোগোর মধ্যে অন্যতম সেরা কাজ বিশ্বখ্যাত সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের উইন্ডোজ ৮ লোগো এবং অফিস ২০১০-এর লোগো। ব্যক্তিগত জীবনে টেইলর স্কুল অব আর্টের সেইমর কোয়েস্টের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কাজের স্বীকৃতি হিসেবে আর্ট ডাইরেক্টরস ক্লাব হল অব ফেম, ক্রেসলার অ্যাওয়ার্ড ফর ইনোভেশন ইন ডিজাইন, এআইজিএ পদক, ন্যাশনাল ডিজাইন পুরস্কারের পাশাপাশি মেরিল্যান্ড ইনস্টিটিউট অব আর্ট এবং মোরে কলেজ অব আর্ট থেকে সম্মানসূচক ডিগ্রি পেয়েছেন। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী সেরা ৫০ গ্রাফিক ডিজাইনারের মধ্যেও নাম উঠিয়েছেন পলা শের। ডিজাইন বিষয়ে দুটি বই প্রকাশিত হয়েছে তাঁর। এখনো কাজ করে যাচ্ছেন মনের আনন্দে।
গ্রন্থনা: অধুনা প্রতিবেদক, তথ্যসূত্র: জিডিইউএসএ, উইকিপিডিয়া