সফল নারীরা ভয় ও বাধায় লক্ষ্য থেকে সরেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সমাজের নানা প্রতিকূলতার মধ্যে আমরা কাজ করেছি। সফল নারীরা ভয় ও বাধা পেয়ে লক্ষ্য থেকে সরেন না। বাংলাদেশের নারীরা এভাবেই কাজ করে সফলতার দিকে এগিয়ে যান। এ সম্মাননা তাঁদের কাজের প্রেরণা দেবে।’গতকাল সোমবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘রাঁধুনী কীর্তিমতী সম্মাননা ২০০৯’-এ সম্মাননা পাওয়া কৃতী নারীরা এভাবেই তাঁদের অনুভূতির কথা জানান। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে স্কয়ার কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেড।সাংবাদিকতা, সমাজ উন্নয়ন ও ব্যবসায় উদ্যোগে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এ বছর তিনজনকে রাঁধুনী কীর্তিমতী সম্মাননা ২০০৯ দেওয়া হয়। কীর্তিমতী সাংবাদিকের পুরস্কার পেয়েছেন বাংলাভিশনের ফটোসাংবাদিক বিলকিস আক্তার। নার্সারি ব্যবসা করে কীর্তিমতী নারী উদ্যোক্তার পুরস্কার পেয়েছেন ফরিদপুরের রাশিদা বেগম। দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করে কীর্তিমতী হিতৈষী পুরস্কার পেয়েছেন গান্ধী আশ্রম ট্রাস্টের সচিব ঝর্ণাধারা চৌধুরী। এবারই প্রথম আজীবন সম্মাননা পুরস্কার দেওয়া হয় বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমকে। তাঁর অনুপস্থিতিতে সম্মাননা গ্রহণ করেন তাঁর মেয়ে ফ্লোরা নাসরিন। কথাসাহিত্যিক রাবেয়া খাতুন তাঁর হাতে সম্মাননার এক লাখ টাকার চেক ও ক্রেস্ট তুলে দেন।কীর্তিমতী প্রত্যেকের হাতে ৫০ হাজার টাকার চেক ও ক্রেস্ট তুলে দেন শিল্পী রুনা লায়লা, দেশ গার্মেন্টসের চেয়ারপারসন রোকেয়া কাদের খান, স্কয়ার কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা।রুনা লায়লা বলেন, ‘আশা করি, সব নারী এগিয়ে যাবেন, দেশের নাম বিশ্বের কাছে তুলে ধরবেন। তবে গ্রামে ও শহরে এখনো নারীরা নির্যাতিত হন, এসিডের শিকার হন। সবার সম্মিলিত প্রচেষ্টায় এ পরিস্থিতি বদলে দিতে হবে।’স্কয়ার কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী বলেন, চতুর্থবারের মতো এ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ সম্মাননা তাঁদের জন্য, যাঁরা প্রতিকূল অবস্থার মধ্যেও মনোবল ও সুপরিকল্পনার মাধ্যমে এগিয়ে গেছেন। অনুষ্ঠান শেষে সংগীত পরিবেশন করেন কনকচাঁপা, আঁখি আলমগীর ও এস আই টুটুল।