এসিআই লিমিটেডের চেয়ারম্যান এম আনিস উদ দৌলা বলেছেন, উদ্যোক্তা হিসেবে সফল হতে হলে কঠোর পরিশ্রমের বিকল্প নেই। পাশাপাশি উদ্যোক্তাদের অন্তরে শেখার অদম্য আগ্রহ ও নতুন নতুন আইডিয়া উদ্ভাবনের সক্ষমতা থাকতে হবে।
গতকাল শনিবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মিলনায়তনে বিশ্ববিদ্যালয়টির ইনোভেশন অ্যান্ড ইনকিউবেশন সেন্টার আয়োজিত উদ্যোক্তা উন্নয়নবিষয়ক ডিআইইউ ইন্ডাস্ট্রি একাডেমিয়া বক্তৃতামালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় আয়োজিত ১২ পর্বের এ লোকবক্তৃতামালার চতুর্থ পর্ব ছিল এটি। ১২ জন সফল উদ্যোক্তার বক্তৃতামালা নিয়ে পরবর্তী সময়ে একটি গ্রন্থ প্রকাশ করবে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়।
আনিস উদ দৌলা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে উদ্যোক্তা উন্নয়ন খুবই গুরুত্বপূর্ণ। তিনি সারা দেশে বিপুলসংখ্যক উদ্যোক্তা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। বক্তৃতা শেষে শিক্ষার্থীদের প্রশ্নের জবাব দেন এম আনিস উদ দৌলা।
বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ইউসুফ এম ইসলাম, পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মিজানুর রহমান, ইনোভেশন অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের পরিচালক মো. আবু তাহের। বিজ্ঞপ্তি