বিশ্বের অন্যতম শীর্ষ সিমেন্ট প্রস্তুতকারক লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড বোরো চাষে সাফল্যের স্বীকৃতিস্বরূপ সুনামগঞ্জের ছাতক উপজেলার ১২ জন চাষিকে পুরস্কৃত করেছে। এ বছর কোম্পানিটির ‘বোরো ল্যান্ড রিভাইটালাইজেশন প্রকল্পের’ আওতায় এই চাষিরা অনাবাদি জমিতে বোরো চাষ করে সফলতা পেয়েছেন। কয়েক দশক ধরে অনাবাদি অবস্থায় পড়ে থাকা ছাতকের প্রায় ২৫০ বিঘা জমিতে বোরো চাষ করে ওই কৃষকেরা বিঘাপ্রতি ২০ মণ ধান উৎপাদনে সক্ষম হন।
গত বুধবার সন্ধ্যায় ছাতকে অবস্থিত কোম্পানি প্রাঙ্গণে বাংলাদেশ কৃষি উন্নয়ন সংস্থার (বিএডিসি) চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব জহির উদ্দিন আহমেদ, জেলা প্রশাসক মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের ফিন্যান্স ডিরেক্টর মাসুদ খান ও এইচআর ডিরেক্টর তাহিয়া হোসেইন চাষিদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে স্থানীয় সরকারি ও লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।