সফি খান, নাগেশ্বরী থেকে ফিরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘১৪ দিন ধরে পানির মধ্যে আছি। দিনোত খাই, রাইতোত নাই। রাইতোত খাই, দিনোত নাই। খুব সমস্যা। পানিত থাকতে থাকতে অবস্থা কাহিল হয়া গেইছে। পরশু থাকি ছাওয়া (সন্তান) আর মোর জ্বর। অবনি আছি। বানে মধ্যে কোটে ঔষধ পাই?’ কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বললেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের মাঝের চরের বাসিন্দা আনোয়ারা বেগম (৩৫)।
আনোয়ারার স্বামী দিনমজুর মোহাম্মদ আলী (৬০) বলেন, ‘১৫ দিন ধরে কাজোত যাবার পাই নাই। ঘরের চাউল শ্যাষ হয়া গেইছে। মঙ্গলবার দুইটা মুরগি বিক্রি করি পাঁচ কেজি চাউল, তরিতরকারি, নুন ও ত্যাল নিয়া আসে। সব শ্যাষের দিকে। কাল কী খামো চিন্তায় আছি। বাকি আনা নাগবে। বাকি আনলে দাম বেশি নেয়। কী করমো, বাঁচা তো নাগবে।’
গত বৃহস্পতিবার নুনখাওয়া ইউনিয়নের বন্যাকবলিত এলাকায় গিয়ে দেখা যায়, ভিতরবন্ধ বাজার থেকে নুনখাওয়া পর্যন্ত ছয় কিলোমিটার কাঁচা সড়কটির দুই পাশে পানি আর পানি। কোনো রকমে সড়কটি টিকে আছে। দুই স্থান ভেঙে গেছে। লোকজন অতি কষ্টে চলাচল করছে। নুনখাওয়া বাজারের পাশের রাস্তা ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। এ সময় গ্রাম্য চিকিৎসক তাহের উদ্দিন বলেন, যেভাবে পানি বাড়ছে, তাতে দ্রুতই রাস্তা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। রাস্তা ভেঙে গেলে নুনখাওয়ার সঙ্গে জেলা ও উপজেলা সদরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে।
বেলা দুইটায় মাঝের চরে গিয়ে দেখা যায়, সেখানে বসবাস করে নদীভাঙা ১২০টি পরিবার। অধিকাংশ বাড়িতে গলাসমান পানি। কোথাও ঘরের চাল পর্যন্ত পানি। অনেকে বিভিন্ন স্থানে চলে গেছে। যাদের নৌকা ভাড়া দিয়ে যাওয়ার সমর্থ্য নাই, তারাই কষ্ট স্বীকার করে পড়ে আছে। ফজল উদ্দিনের (৬১) বাড়িতে গিয়ে দেখা যায়, ঘরের চালের কাছাকাছি পানি। নলকূপ ডুবে আছে।