দীর্ঘ ১৯ বছর পর গতকাল শনিবার বিকেলে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের লালমনিরহাট জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন হয়েছে। লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে এ সম্মেলন হয়।
এর আগে ১৯৯৭ সালে সর্বশেষ জেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়েছিল।
সম্মেলনে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাংসদ (লালমনিরহাট-কুড়িগ্রাম) সফুরা বেগমকে সভাপতি, বেগম জিল্লে আরশে এলাহীকে সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিনকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানের উদ্বোধক কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি সাফিয়া খাতুন নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সাংসদ মোতাহার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মতিয়ার রহমান, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইয়াসমিন হোসেন, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক স্মৃতিকণা বিশ্বাস, ঢাকার ধানমন্ডি থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দা রাজিয়া সুলতানা।
প্রধান অতিথি সাংসদ মোতাহার বলেন, ‘জামায়াতে ইসলামীসহ অন্যান্য মৌলবাদী রাজনৈতিক দল ও সংগঠন আমাদের মা-বোনদের বিভিন্ন অজুহাতে ও প্রাচীন ধ্যানধারণায় গৃহকোণে বন্দী করে রাখতে চায়। এরা মুক্তিযুদ্ধের সময় আমাদের মা-বোনদের হানাদার পাকবাহিনীর সদস্যদের হাতে তুলে দিয়েছিল। এরা মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে। এই ধারার বাইরে প্রগতিশীল ও আধুনিক ধারায় জীবনযাপনের জন্য নারীদের শিক্ষাদীক্ষা ও চাকরি, ব্যবসাসহ সর্বক্ষেত্রে এগিয়ে আনার জন্য সরকার কাজ করছে। মহিলা আওয়ামী লীগকে এসব কথা আমাদের মা-বোনদের মাঝে তুলে ধরে তাঁদের উন্নয়ন ধারায় জড়িত হতে ঘরের বাইরে আনতে হবে। তাহলেই সমৃদ্ধিশালী আধুনিক বাংলাদেশ গড়া সম্ভব হবে, কারণ আমাদের মোট জনশক্তির অর্ধেক হচ্ছেন নারী।’