সব অভিযোগ অস্বীকার র্যাবের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুম আর বিচারবহির্ভূত হত্যার জন্য স্বজনেরা র্যাবকে দায়ী করলেও এর সবকিছুই অস্বীকার করেছে বাহিনীটি। গতকাল শনিবার গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের নিয়ে সম্মেলনে ২৪ জন বক্তার মধ্যে অন্তত ১৮ জন তাঁদের স্বজনদের গুম করা ও হত্যার জন্য র্যাবকে দায়ী করেছেন। র্যাব-১১-এর সাবেক পরিচালক তারেক সাঈদ মোহাম্মাদের বিরুদ্ধে গুম ও হত্যার অভিযোগ তুলেছেন চারজন স্বজন।
এসবের দায় অস্বীকার করে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান প্রথম আলোকে বলেন, ‘র্যাব কখনোই এসব গুম-খুনের সঙ্গে জড়িত নয়। বিভিন্ন সময় অভিযোগ সাপেক্ষে যাদের ধরা হয়, তাদের পরে আইনানুগ প্রক্রিয়ায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। যাদের গুম করা হয়েছে বলে অভিযোগ আসছে, তাদের আমরা কখনো আটকই করি নাই।’
অথচ সাবেক সেনাসদস্য কাজী আবদুল মতিন সম্মেলনে সুনির্দিষ্টভাবে অভিযোগ করেন, তাঁর ছেলে কুমিল্লার যুবলীগ নেতা কাজী রকিবুল ইসলাম ওরফে শাওনকে বাসা থেকে র্যাব-১১-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২-এর সদস্যরা ধরে নিয়ে গেছেন। ছেলের খোঁজে এই বাবা সেনাবাহিনী, র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই), কুমিল্লা সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রধানমন্ত্রীর কার্যালয়, রেলমন্ত্রী, দুর্যোগ ও ত্রাণমন্ত্রীসহ সম্ভাব্য সব জায়গায় গিয়ে ছেলেকে খুঁজেছেন। নাম ধরে কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন, কিন্তু কিছুতেই কিছু হয়নি। তিনি র্যাব-১১-এর তৎকালীন পরিচালকের সঙ্গে দেখাও করেন। কিন্তু ছেলে মেলেনি।
লক্ষ্মীপুরে জামায়াত নেতা ও চিকিৎসক ফায়েজ আহমেদকে হত্যার জন্য তাঁর মেয়ে উজমা কাওসার র্যাব-১১ ও এর তৎকালীন পরিচালক তারেক সাঈদ মোহাম্মাদকে দায়ী করে বক্তব্য দেন। উজমা কাওসার বলেন, ১৩ ডিসেম্বর রাতে র্যাব তাঁদের বাড়িতে হানা দেওয়ার পরে তাঁর বাবা তাঁর ছোট ভাইকে বলেন, ‘আমি বুড়ো মানুষ। ওরা আমাকে কী করবে। তুমি কোথাও সরে যাও।’ বাবার এই নির্দেশনা পেয়ে উজমার ভাই ছাদের কার্নিশে গিয়ে লুকান। কিছুক্ষণ পরে র্যাবের কর্মকর্তারা ফয়েজ আহমেদকে পিছমোড়া করে বেঁধে ছাদে নিয়ে যান। নির্যাতনের পরে তাঁকে গুলি করে ছাদ থেকে ফেলে দেওয়া হয়। কার্নিশে লুকিয়ে বাবার হত্যার দৃশ্য প্রত্যক্ষ করেন অসহায় ছেলে। এর পর থেকে পরিবারটি লক্ষ্মীপুরছাড়া। সবাই ভুগছেন চরম নিরাপত্তাহীনতায়।
র্যাব-১১-এর পরিচালক তারেক সাঈদকে অভিযুক্ত করে বক্তব্য দিয়েছেন নারায়ণগঞ্জে সাত খুনের অন্যতম শিকার আইনজীবী চন্দন সরকারের ভাইয়ের ছেলে অমিতাভ সরকার। তিনি বলেন, নারায়ণগঞ্জের ঘটনার আগেই তারেক সাঈদের বিরুদ্ধে অনেক অভিযোগ ওঠে। কিন্তু এর সবকিছুই আমলে নেওয়া হয়নি। নারায়ণগঞ্জের সাত খুন হওয়ার আগে পর্যন্ত বহাল তবিয়তে ছিলেন তারেক সাঈদ।
গত নভেম্বরে কুমিল্লা থেকে ধরে নেওয়া সাবেক সাংসদ সাইফুল ইসলাম ও বিএনপির নেতা হুমায়ুন কবীর পারভেজকে ধরে নেওয়ার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামিও তারেক সাঈদ। সাইফুল ইসলামের মেয়ে মাশরুফা ইসলাম সম্মেলনে বলেন, ‘আমরা তো এই বাংলাদেশ চাইনি। আমরা মামলা করেছি, কিন্তু মামলা এগোতে দেওয়া হচ্ছে না।’