সব অসাম্প্রদায়িক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সন্ত্রাস-জঙ্গিবাদনির্ভর অসুস্থ রাজনীতির বিরুদ্ধে দেশের সব গণতান্ত্রিক সামাজিক দল, সংগঠন ও বিবেকবান ব্যক্তিকে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানিয়েছে সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চ। গতকাল মঙ্গলবার মঞ্চের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের এক সভায় এ আহ্বান জানানো হয়।
সংগঠনটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জামায়াত-বিএনপি জোটের লাগাতার সন্ত্রাস, পেট্রলবোমা মেরে মানুষ হত্যা তথা অসুস্থ রাজনীতির বিরুদ্ধে জাতীয় জাগরণ এবং দেশব্যাপী গাড়ি ভাঙচুর, সম্পদ বিনষ্ট ও নৈরাজ্যের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের পক্ষের সব অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সভায় বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করার যে চেষ্টা দীর্ঘদিন থেকে বিএনপি-জামায়াত জোট চালিয়ে আসছে, তার ধারাবাহিকতায় অবরোধের নামে নিরীহ মানুষের স্বাভাবিক জীবন-জীবিকা বাধাগ্রস্ত করা, গাড়িতে অগ্নিসংযোগ, পেট্রলবোমা হামলা করে শিশুসহ খেটে খাওয়া মানুষ হত্যা করার যে বীভৎসতায় মেতে উঠেছে, তা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানায়।
সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নেতা পঙ্কজ ভট্টাচার্য। সভায় সংগঠনের সমন্বয়ক অজয় রায়, জাতীয় সংসদ সদস্য নাজমুল হক প্রধান, সংগঠনের সদস্যসচিব নুর মোহাম্মদ তালুকদার, যুগ্ম সমন্বয়ক জিয়াউদ্দিন তারেক আলী, কেন্দ্রীয় নেতা নুর আহমেদ প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।