সব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার নির্দেশ
নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সব বৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অধিশাখা থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন রাজনৈতিক শাখার যুগ্ম সচিব মোস্তাফিজুর রহমান।
আদেশে বলা হয়, আজ ২৩ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে স্থানীয় বা কাছাকাছি থানা অথবা বৈধ ডিলারের কাছে লাইসেন্স করা এসব অস্ত্র জমা দিতে বলা হয়েছে। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত এসব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা রাখা হবে।
আদেশে আরও বলা হয়, লাইসেন্সধারী অস্ত্রের মালিকেরা ২৭ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত তাঁদের আগ্নেয়াস্ত্র বহন বা সঙ্গে নিয়ে চলাফেরা করতে পারবেন না। এ আদেশ লঙ্ঘন করলে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।