নরসিংদীর রোকন আহমেদ স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটিতে সব শিক্ষা উপকরণই আছে। শুধু নেই প্রতিষ্ঠানের প্রাণ শিক্ষার্থী। প্রতিষ্ঠার সাত বছর পেরিয়ে গেলেও এখনো পায়নি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শ্রেণির পাঠদানের অনুমতি।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০০৭ সালে স্থানীয় রোকন আহমেদ নামের এক প্রবাসী নিজ নামে শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। তবে প্রতিষ্ঠানটির নামে স্কুল অ্যান্ড কলেজ ব্যবহার করলেও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ড থেকে পাঠদানের অনুমতি আছে প্লে থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত। প্রতিষ্ঠানটির নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের পার্শ্ববর্তী শীলমান্দি তাহেরা আসমত মাধ্যমিক বিদ্যালয় থেকে রেজিস্ট্রেশন করিয়ে এসএসসি অংশ নিতে হয়। গত বছরও এই শিক্ষাপ্রতিষ্ঠানে মাধ্যমিক শ্রেণিগুলোতে শিক্ষার্থীর সংখ্যা ছিল দুই শতাধিক। বর্তমানে মাধ্যমিক শ্রেণিতে শিক্ষার্থী সংখ্যা ১৮ জন। এর মধ্যে ষষ্ঠ শ্রেণিতে চারজন, সপ্তম শ্রেণিতে একজন, অষ্টম শ্রেণিতে তিনজন, নবম শ্রেণিতে একজন এবং দশম শ্রেণিতে নয়জন।
গতকাল দুপুরে সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের প্রধান ফটকে বিশাল এক সাইনবোর্ড। এরপর ছোট মাঠের কিনারায় চারতলা একটি বড় ভবন। বিদ্যালয়ের পোশাক পরা কয়েকজন শিক্ষার্থী মাঠে ছোটাছুটি করছে। নিচতলায় তিনটি শ্রেণিকক্ষ, একটি অফিস কক্ষ ও প্রধান শিক্ষকের বসার কক্ষ রয়েছে। দোতলায় নয়টি শ্রেণিকক্ষ। তিনটি কক্ষে কয়েকজন শিক্ষার্থী রয়েছে। তিন ও চারতলা বিদ্যালয় প্রতিষ্ঠাতার ভাইয়ের আবাসনের জন্য ব্যবহার করা হচ্ছে।
সপ্তম শ্রেণির একমাত্র শিক্ষার্থী রিফাত মিয়া বলে, ‘এই স্কুল থেইকা চইলা যামু। আমি একলা, তাই এইটের (অষ্টম শ্রেণি) ছাত্রদের লগে স্যারেরা ক্লাস করায়। এইহানে পড়তে আর ভাল্লাগে না।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শওকত আলী বলেন, ‘আমার আগে আরও তিনজন প্রতিষ্ঠানপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে সর্বশেষ মামুন মুহ. মোশারফ হোসেনের অসহযোগিতার কারণে আজ শিক্ষাপ্রতিষ্ঠানিটির এই অবস্থা। দেখি এখন কিছু করা যায় কি না।’
উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুল আমীন বলেন, প্রতিষ্ঠানটির নিম্ন মাধ্যমিক পর্যন্ত অনুমোদন আছে। আশপাশে অনেক বড় বড় শিক্ষাপ্রতিষ্ঠান থাকায় এ প্রতিষ্ঠানটি তেমন ভালো করতে পারছে না। তবে তাদের নামের ক্ষেত্রে মারাত্মক বিভ্রাট রয়েছে। আর যেহেতু প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত না, সেহেতু তদারকিও কম।