সব আছে, তবু তিন বছরেও চালু হয়নি স্কুল
ময়মনসিংহের নান্দাইল উপজেলার মধ্য দেউলডাংরা ভূঁইয়া স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম চলতি বছরেও শুরু করা যায়নি। এ নিয়ে প্রতিষ্ঠার তিন বছর পরেও বিদ্যালয়টিতে শিক্ষা কার্যক্রম এখনো শুরু করা গেল না। বিদ্যালয় নিয়ে উচ্চ আদালতে দায়ের করা একটি রিট নিষ্পত্তি না হওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানিয়েছে।
বিদ্যালয়টি উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের মধ্য দেউলডাংরা গ্রামে অবস্থিত। স্থানীয় ব্যক্তিরা বলেন, পাঠদান শুরু করার যাবতীয় উপকরণ ওই ভবনে রয়েছে। উদ্বোধনের পর বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম শুরুর অংশ হিসেবে কর্তৃপক্ষ প্রেষণে শিক্ষক নিয়োগ দেয়। কিন্তু আইনি জটিলতায় এখনো শুরু করা যাচ্ছে না পাঠদান কার্যক্রম। গ্রামে এটি ছাড়া আর কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। গ্রামের শিশুদের কয়েক কিলোমিটার দূরে গিয়ে দেউলডাংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করতে হচ্ছে। অথচ হাতের কাছেই শিক্ষাপ্রতিষ্ঠান আছে, কিন্তু সেটি চালানো হচ্ছে না।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বিদ্যালয়বিহীন এলাকায় প্রাথমিক বিদ্যালয় স্থাপন করার জন্য প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের একটি প্রকল্প আছে। এটির নাম ‘বিদ্যালয়বিহীন এলাকায় ১৫০০ বিদ্যালয় স্থাপন’ প্রকল্প। দেউলডাংরা ভূঁইয়া বিদ্যালয় ভবনটি ওই প্রকল্পের আওতায় ২০১৩-১০১৪ অর্থবছরে নির্মিত।
মধ্য দেউলডাংরা গ্রামের বাসিন্দারা বলেন, নতুন প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় পরিচালনার কাজ শুরুর প্রাক্কালে একই গ্রামের হাসিম উদ্দিন ভূঞা নামে এক ব্যক্তি রাতারাতি একটি টিনের ছাপরা ঘর তুলে ‘ভূঞা স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়’ নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান দেখানোর চেষ্টা করেন। স্থাপিত দেখানো হয় ১৯৯০ সালে। ২০১৫ সালের ১০ জুন পাল্টা পাঠদান কার্যক্রমও শুরু করা হয়। সরকারি কার্যক্রমের পাল্টা কার্যক্রম শুরু করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তৎকালীন ইউএনওর নির্দেশে পুলিশ হাসিম উদ্দিনকে গ্রেপ্তার করে। কথিত বিদ্যালয়ের খাতাপত্র ও সরকারি মনোগ্রামসংবলিত সাইনবোর্ড জব্দ করে হাসিমের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়।
নান্দাইল প্রাথমিক শিক্ষা কার্যালয়ের একটি নথি ঘেঁটে দেখা যায়, দেউলডাংরা গ্রামের ফাহমিদা ইয়াসমীন নিজেকে ভূঞা স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দাবি করে ২০১৪ সালে হাইকোর্টে একটি রিট করেন। প্রাথমিক শুনানির পর আদালত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট বিভাগকে ওই বিদ্যালয় সম্পর্কে পূর্ণাঙ্গ প্রতিবেদন আদালতে জমা দেওয়ার নির্দেশ দেন। আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে ২০১৫ সালের ৫ জানুয়ারি নান্দাইল উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে নথিপত্র প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও প্রকল্প পরিচালকের কাছে পাঠানো হয়। পাশাপাশি ২০১৫ সালে বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম শুরু করার জন্য কর্তৃপক্ষের কাছে নির্দেশনাও চাওয়া হয়।