সব আছে, তবু বিদ্যালয় চালু রাখাই দায়

বিদ্যালয়টিতে ছাত্র-শিক্ষক ও অবকাঠামো সবই আছে। এলাকার শিশুরা শিক্ষার আলোও পাচ্ছে। কিন্তু সরকারি সহায়তা না পাওয়ায় খাগড়াছড়ির ভাইবোনছড়া ইউনিয়নের বেসরকারি প্রথমিক বিদ্যালয়টি টিকিয়ে রাখাই দায় হয়ে পড়েছে।
খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে অবস্থিত এই বিদ্যালয়ের নাম নতুন বাগান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। জেলা সদর থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত এই শিক্ষাপ্রতিষ্ঠান। ২০০২ সালে ভারত প্রত্যাগত শরণার্থী পরিবার পুনর্বাসন প্রকল্পের অধীনে বিদ্যালয়টি নির্মাণ করা হয়। প্রতিষ্ঠার দুই বছর পর্যন্ত প্রকল্প থেকে বিদ্যালয় পরিচালনায় সহযোগিতা করা হতো। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় সহযোগিতা বন্ধ হয়ে যায়। তার পরও এলাকাবাসীর সহযোগিতা নিয়ে বিদ্যালয়টি ২০০৭ সাল পর্যন্ত চালু ছিল। টাকার অভাবে মাঝে তিন বছর বিদ্যালয়টি বন্ধ ছিল। পরে ২০১১ সালে এলাকাবাসীর উদ্যোগে আবারও বিদ্যালয়টি চালু করা হয়।
সম্প্রতি সরেজমিন গিয়ে দেখা যায়, বিদ্যালয়টির টিনের ছাউনির পাকা ঘরে চলছে পাঠদান। ভবনের পাঁচটি কক্ষের একটি শিক্ষক মিলনায়তন ও বাকি চারটি শ্রেণিকক্ষ হিসেবে ব্যবহৃত হয়। বিদ্যালয়ের সামনে বিশাল খেলার মাঠও আছে। বিদ্যালয়ে চারজন শিক্ষক ও ১৩৭ জন শিক্ষার্থী আছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধনমুনি চাকমা বলেন, ‘মহাজোট সরকার যখন সারা দেশে প্রাথমিক বিদ্যালয়গুলো সরকারীকরণের ঘোষণা দেয়, তখন আশা করেছিলাম আমাদের বিদ্যালয়টিও তাতে অন্তর্ভুক্ত হবে। তৃতীয় ধাপ পর্যন্ত সরকারীকরণের তালিকায় আমাদের বিদ্যালয়টি স্থান পায়নি। জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের সঙ্গে এ ব্যাপারে অনেক যোগাযোগ করেছি। কোনো কাজ হয়নি। শিক্ষকেরা বেতন ছাড়া আর কত দিন সেবা দিয়ে যাবেন?
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নয়ন জ্যোতি চাকমা বলেন, ২ নম্বর ওয়ার্ডের ১২টি গ্রাম রয়েছে। এই ওয়ার্ডের একমাত্র বিদ্যালয়টি হচ্ছে এটি। এ বিদ্যালয়ে বর্তমানে সাতটি গ্রামের শিশু পড়াশোনার সুযোগ পাচ্ছে। এই বিদ্যালয় থেকে সবচেয়ে কাছের বিদ্যালয়টিও ছয় কিলোমিটার দূরে। বিদ্যালয়টি নানা বিবেচনায় সরকারীকরণ করা জরুরি। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পুনর্বাসন প্রকল্পের ব্যবস্থাপক সুসময় চাকমা বলেন, যখন প্রকল্পটি চালু ছিল তখন বিদ্যালয়টি পরিচলানার খরচ দেওয়া হতো। প্রকল্পটির মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে। তাই প্রকল্প থেকে কোনোভাবেই বিদ্যালয়টিকে সহযোগিতা করা সম্ভব নয়। বিদ্যালয়টি সরকারিকরণ হলে এলাকার মানুষ উপকৃত হবে বলে তিনি মনে করেন।
ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রিটন কুমার চাকমা বলেন, ‘বিদ্যালয়টির ব্যাপারে আমি তেমন কিছু জানি না। কাগজপত্র দেখলে জানতে পারব। তবে ওই এলাকায় আশপাশে কোনো বিদ্যালয় না থাকলে বিদ্যালয়টি সরকারীকরণ করা দরকার।’