সব আছে, নেই শুধু মানুষটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বাড়ির খোলা ছাদে সাদা কাপড়ে সাজানো চারটি স্টল। একটিতে বিভিন্ন ধরনের বই ও সাময়িকী, দ্বিতীয়টিতে গ্রামোফোন। তৃতীয়টিতে বিভিন্ন প্রামাণ্যচিত্র ও চলচ্চিত্রের সিডি, চতুর্থটিতে স্থান পেয়েছে তবলা, হারমোনিয়াম ও তানপুরাসহ বিভিন্ন বাদ্যযন্ত্র।
এসব খুব প্রিয় ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের নিহত অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীর। আজ তিনি নেই, কিন্তু তাঁর জীবনের ভালো লাগার ও ভালোবাসার উপকরণগুলো রয়ে গেছে।
গতকাল শনিবার রেজাউল করিম সিদ্দিকীর ৬২তম জন্মবার্ষিকীতে পরিবারের পক্ষ থেকে রাজশাহী নগরের শালবাগান এলাকায় বাড়ির ছাদে ওই প্রদর্শনীর আয়োজন করা হয়। বাড়ির ছাদে এক পাশে বড় পর্দায় প্রদর্শন করা হয় প্রামাণ্যচিত্র। আরেক পাশে রাখা দেয়ালিকায় স্থান পায় কিছু কবিতা।
পরিবার সূত্র জানায়, রেজাউল করিম সিদ্দিকী ১৯৫৫ সালের ৭ জানুয়ারি রাজশাহীর বাগমারা থানার দ্বীপপুর গ্রামে জন্মগ্রহণ করেন। রাজশাহী কলেজিয়েট স্কুল থেকে ১৯৬৯ সালে ম্যাট্রিক ও রাজশাহী কলেজ থেকে ১৯৭২ সালে উচ্চমাধ্যমিক পাস করেন। ১৯৭৪ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন। ১৯৮৩ সালে তিনি একই বিভাগের শিক্ষক হিসেবে যোগ দেন। গত বছর ২৩ এপ্রিল নগরের শালবাগান এলাকায় তাঁকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তাঁর ছেলে রিয়াসাত ইমতিয়াজ ওই দিন নগরের বোয়ালিয়া থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলায় জেএমবির আটজন সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।
রেজাউল করিম সিদ্দিকীর ছেলে রিয়াসাত ইমতিয়াজ বলেন, বাবার স্মৃতি, ধ্যানধারণা ও চিন্তাচেতনা সবার মাঝে ছড়িয়ে দিতেই প্রদর্শনীর আয়োজন করা হয়। বাবার ব্যবহৃত তানপুরা, হারমোনিয়াম, তবলাসহ সংগ্রহে থাকা দেশি-বিদেশি বিভিন্ন দুর্লভ বই, চলচ্চিত্র, বিশেষ মুহূর্তে তোলা ছবি, তাঁর লেখা কবিতা, প্রবন্ধ প্রদর্শন করা হয়। সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এ প্রদর্শনীতে অনেকেই এসেছিলেন। বাবা সবাইকে বই পড়ায় উৎসাহ দিতেন। প্রদর্শনীতে এমন অনেক বই আছে যেগুলো খুবই দুর্লভ।