সব আছে, শুধু তিনি নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীর জন্মদিনে তাঁর প্রিয় উপকরণ নিয়ে আয়োজিত প্রদর্শনীতে বাদ্যযন্ত্র দেখছেন দুই শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত
অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীর জন্মদিনে তাঁর প্রিয় উপকরণ নিয়ে আয়োজিত প্রদর্শনীতে বাদ্যযন্ত্র দেখছেন দুই শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

বাড়ির খোলা ছাদে সাদা কাপড়ে সাজানো চারটি স্টল। একটিতে বিভিন্ন ধরনের বই ও সাময়িকী, দ্বিতীয়টিতে গ্রামোফোন, তৃতীয়টিতে বিভিন্ন প্রামাণ্যচিত্র ও চলচ্চিত্রের সিডি। চতুর্থটিতে স্থান পেয়েছে বিভিন্ন ধরনের তবলা, হারমোনিয়াম, তানপুরাসহ বিভিন্ন বাদ্যযন্ত্র। একপাশে বড় পর্দায় প্রদর্শিত হচ্ছে প্রামাণ্যচিত্র। আরেকপাশে রাখা দেয়ালিকায় স্থান পেয়েছে কিছু কবিতা।

এ সবই খুব প্রিয় ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীর। আজ তিনি নেই, কিন্তু রাজশাহী মহানগরের শালবাগানের বাড়িতে তাঁর জীবনের ভালো লাগার ও ভালোবাসার এই উপকরণগুলো রয়ে গেছে। তাই তাঁর ৬২ তম জন্মবার্ষিকীতে ওই বাড়িতেই এমন প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল পরিবারের পক্ষ থেকে।

রেজাউল করিম সিদ্দিকীর পরিবার সূত্রে জানা যায়, ১৯৫৫ সালের ৭ জানুয়ারি রাজশাহী জেলার বাগমারা থানার দ্বীপপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। এরপর রাজশাহী কলেজিয়েট স্কুল থেকে ১৯৬৯ সালে ম্যাট্রিক ও রাজশাহী কলেজ থেকে ১৯৭২ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেন। ১৯৭৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন। পরে ১৯৮৩ সালে ইংরেজি বিভাগের শিক্ষক হিসেবে যোগ দেন। গত বছর ২৩ এপ্রিল নগরের শালবাগান এলাকায় কুপিয়ে হত্যা করা হয় অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীকে। এ ঘটনায় ওই দিন নগরের বোয়ালিয়া থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন তাঁর ছেলে রিয়াসাত ইমতিয়াজ। এ মামলায় ৮ জেএমবি সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।

রিয়াসাত ইমতিয়াজ বলেন, বাবার স্মৃতি ও তাঁর ধ্যানধারণা, চিন্তা-চেতনাকে সবার মাঝে ছড়িয়ে দিতেই এ প্রদর্শনীর আয়োজন। তাঁর ব্যবহৃত তানপুরা, হারমোনিয়াম, তবলাসহ সংগ্রহে থাকা দেশি-বিদেশি বিভিন্ন লেখকের দুর্লভ বই, চলচ্চিত্র, তাঁর বিশেষ মুহূর্তগুলোতে তোলা ছবি, তাঁর লেখা কবিতা, প্রবন্ধ ও সাময়িকী প্রদর্শন করা হয়েছে। সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এ প্রদর্শনীতে অনেকেই এসেছিলেন।

ইমতিয়াজ বলেন, ‘বাবার সংগ্রহে দেশি-বিদেশি অনেক লেখকের বই ছিল। তিনি সবাইকে বই পড়তে আগ্রহী করতেন। প্রদর্শনীতে এমন অনেক বই আছে যেগুলো খুবই দুর্লভ।’

প্রদর্শনীতে জীবন-জীবিকা এবং গ্রামের বিভিন্ন মেলা নিয়ে তাঁর তৈরি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। এ ছাড়া তাঁর সম্পাদনায় প্রকাশিত মাসিক সাহিত্যপত্র ‘কোমল গান্ধার’ এবং তাঁর লেখা অনেক প্রবন্ধও প্রদর্শনীতে সাজানো ছিল।