সব আসামি উপস্থিত না থাকায় সাক্ষ্যগ্রহণ হয়নি
ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নেতা একরামুল হক হত্যা মামলায় আজ মঙ্গলবার সাক্ষ্য গ্রহণ হয়নি। সব আসামিকে হাজির না করায় আদালত সাক্ষ্য গ্রহণ না করে ২৫ মে সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করেন।
ফেনী জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) হাফেজ আহাম্মদ সাংবাদিকদের বলেন, একরাম হত্যা মামলায় অভিযোগপত্রভুক্ত ৫৬ আসামির মধ্যে ৪৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে চারজন জামিনে আছেন। আজ ৩৮ জন আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। কিন্তু কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে থাকা ছয়জন আসামিকে আদালতে হাজির করা যায়নি। সব আসামি উপস্থিত না থাকায় সাক্ষ্য গ্রহণ করা হয়নি।
২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় দিনদুপুরে চেয়ারম্যান একরামুল হকের গাড়ি গতিরোধ করে কুপিয়ে, গুলি করে, গাড়িসহ পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় একরামুল হকের ভাই রেজাউল হক জসিম বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরীসহ অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে ফেনী সদর মডেল থানায় হত্যা মামলা করেন। গত বছরের ২৮ আগস্ট ৫৬ জন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগপত্রভুক্ত ১২ আসামি পলাতক।