ঝিনাইদহে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করে বাবার দুই পা হারানোর ঘটনায় করা মামলার মূল আসামি যুবলীগ নেতা কামাল হোসেনসহ ১৬ আসামির সবাই এখন কারাগারে। আসামিদের ১৩ জন গতকাল বুধবার আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাঁদের কারাগারে পাঠান। গত মঙ্গলবার রাতে একজন এবং ৬ নভেম্বর আরও দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে দুই পা হারানো শাহানূর বিশ্বাস ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) কাতরাচ্ছেন। তাঁর কেটে ফেলা দুই পায়ে তীব্র ব্যথা, গায়ে জ্বর। ঠিকমতো খেতে পারেন না।
ঝিনাইদহের কালীগঞ্জ থানার কাষ্টভাঙ্গা গ্রামের শাহানূর গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমার দুই পা বাঁচাতে পারলাম না। আসামিরা যেন বেঁচে না যায়। সবার যেন শাস্তি হয়।’ তিনি আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তাঁর পাশে থাকা বড় মেয়ে বলেন, ‘ওদের (আসামিদের) অত্যাচারে পড়ালেখা বন্ধ, কলেজে যেতে পারি না। ঘটনার পর থেকে বাবার মধ্যে আতঙ্ক কাজ করছে।’ তিনি বলেন, ‘কীভাবে চলবেন, কীভাবে সংসার চালাবেন—এসব নিয়ে বাবা সারাক্ষণ দুশ্চিন্তায় থাকেন।’
গত ১৬ অক্টোবর কাষ্টভাঙ্গা গ্রামে একদল সন্ত্রাসী হাতুড়ি, লোহার রড ও শাবল দিয়ে শাহানূরকে পিটিয়ে গুরুতর আহত করেন। মেয়েদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় তাঁরা এ হামলা চালান। গুরুতর অবস্থায় শাহানূরকে প্রথমে যশোর ও পরে ঢাকায় আনা হয়। চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে তাঁর দুই পা হাঁটুর ওপর পর্যন্ত কেটে ফেলেন। এ ঘটনায় দুটি মামলায় মোট ১৬ জনকে আসামি করা হয়।
এ নিয়ে গত সোমবার প্রথম আলোতে ‘মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করাই অপরাধ? দুই পা গেছে, এখন ভিটেছাড়া হওয়ার ভয়’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি নজরে এলে মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত রুলসহ মামলার সব আসামিকে ৭২ ঘণ্টার মধ্যে কারাবন্দী করার নির্দেশ দেন।
এরপর মঙ্গলবার রাতে মামলার ৩ নম্বর আসামি কুরবান আলীকে কাষ্টভাঙ্গা গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল বেলা সোয়া ১১টার দিকে কাষ্টভাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেনসহ ১৩ জন আসামি ঝিনাইদহের বিচারিক হাকিমের আদালতে আত্মসমর্পণ করেন। বিচারক কাজী আশরাফুজ্জামান আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়।
আত্মসমর্পণ করা অন্য আসামিরা হলেন মাহবুবুর বিশ্বাস, আজম আলী, মোতালেব বিশ্বাস, আবু তালেব, হাসান আলী, বিল্লাল হোসেন, জাহিদ হোসেন, রুহুল আমিন, শিপন আলী, এমদাদুল হক, আরিফ হোসেন ও বিপ্লব। আসামিদের সবার বাড়ি উপজেলার নলভাঙ্গা গ্রামে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা কুরবান আলীসহ সবাইকে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে শাহানূরের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে পঙ্গু হাসপাতালের সহকারী অধ্যাপক আমিনুল হক পাঠান বলেন, আগের চেয়ে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী শনিবার তাঁর পায়ে আরেকটি অস্ত্রোপচার হতে পারে।
হাসপাতালে শাহানূরের সঙ্গে থাকা স্ত্রী আর্জিনা বলেন, থাকার ঘর ছাড়া তাঁদের চাষের জমি নেই। পরিবারের একমাত্র উপার্জনক্ষম স্বামী অন্যের জমিতে কাজ করে, ভ্যান চালিয়ে সংসার চালাতেন। দিশেহারা আর্জিনা বলেন, ‘স্বামী পঙ্গু হয়ে যাওয়ায় আমরা সবাই অন্ধকারে পড়ে গেলাম।’