সব আসামি খালাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণ মামলার এক নারী আসামি কারাগার থেকে আদালতে হাজিরা দিতে এসে ধর্ষণের শিকার হয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল। কারাবন্দী থাকা অবস্থায় ওই নারী গর্ভবতী হয়ে পড়লে ঘটনা জানাজানি হয়। এরপর তিনি অস্ত্র মামলার এক সাজাপ্রাপ্ত আসামিকে অভিযুক্ত করে ধর্ষণের মামলা করেন। সাত বছর পর সেই মামলার রায় হলেও পুলিশসহ সব আসামি বেকসুর খালাস পেয়েছেন।
আদালতের নথিপত্র থেকে জানা যায়, কারাগার থেকে প্রিজন ভ্যানে করে আদালতে আসার পথে পরিচয় হয় অস্ত্র মামলার আসামি লাভলু এবং অপহরণ মামলার আসামি ওই নারীর। আদালতে এসে পুলিশের সহায়তায় তাঁরা দুজন একটি বাথরুমে মিলিত হন। ঘটনাটি ২০০৮ সালের ৩১ জানুয়ারির।
মামলায় ওই নারী বলেন, প্রিজন ভ্যান থেকে নামার পর পুলিশ কনস্টেবল মোতালেব তাঁকে জেলা ও দায়রা জজ আদালত ভবনের পাঁচতলার বাথরুমের সামনে নিয়ে যান। আর লাভলুকে সেখানে নিয়ে আসেন আরেক কনস্টেবল মনসুর। তাঁদের দুজনের মেলামেশার সময় পাহারায় থাকেন দুই পুলিশ সদস্য।
ওই নারীর অভিযোগ, আসামি লাভলু জামিনে মুক্ত করা ও বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে তাঁকে ধর্ষণ করেন। তখন কারাগারে থাকা অবস্থায় দুই কনস্টেবল গর্ভপাতের জন্য তাঁকে ওষুধ খাওয়ানোর চেষ্টা করেন।
এরপর লাভলু, কনস্টেবল মোতালেব, মনসুরসহ পাঁচজনকে আসামি করে মামলা করা হয়। ২০০৯ সালের ১০ এপ্রিল পুলিশ পরিদর্শক মো. সালাউদ্দিন খান দুজনকে বাদ দিয়ে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। এরপর বিচার শুরু হয়। গত ২৩ এপ্রিল ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর ভারপ্রাপ্ত বিচারক তানজীনা ইসমাইল এ মামলার রায় ঘোষণা করেন। বিচারে তিনি সবাইকে বেকসুর খালাস দেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন মাহমুদা আকতার। তবে তিনি দেশে নেই। সহকারী কৌঁসুলি আবদুল কাদের প্রথম আলোকে বলেন, বাদী আদালতকে বলেছেন, তাঁরা ঘর-সংসার করছেন। আসামির বিরুদ্ধে তাঁর আর কোনো অভিযোগ নেই। রায়ের কপি পেয়েছেন কি না, জানতে চাইলে আইনজীবী বলেন, মামলার নথি স্যারের কাছে আছে।
আদালতের কর্মচারী কাওসার প্রথম আলোকে বলেন, এ আদালতে এক বছর ধরে বিচারক নেই। মামলার নথি রায়ের জন্য ভারপ্রাপ্ত বিচারকের আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে।