সব আসামিকে অব্যাহতির সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রীয় তেল বিপণন সংস্থা যমুনা অয়েল কোম্পানির ছয় কর্মকর্তাসহ ১০ জন ঠিকাদারকে দুর্নীতির ১০ মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে ১০ ঠিকাদারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের সত্যতা মিললেও কমিশন অনুমোদন না দেওয়ায় অভিযোগপত্র না দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছেন এসব মামলার দুই তদন্ত কর্মকর্তা।
১৩ মে চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরীর আদালতে এই ১০টি মামলার চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়।
তবে ১০টি দুর্নীতির মামলার একটিতেও অভিযোগের সত্যতা না পাওয়ার বিষয়টিকে রহস্যজনক বলেছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক। তাঁর প্রশ্ন, অনুসন্ধানে সত্যতা না পেলে দুদক কেন মামলা করল? মামলাগুলোর এজাহারেও দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। আবার তদন্ত প্রতিবেদনে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে উল্লেখ করা হয়েছে। কিন্তু কমিশন তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র না দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিলের অনুমোদন দিয়েছে।
২০১১ সালের ১ নভেম্বর থেকে ২০১২ সালের ৪ জানুয়ারি পর্যন্ত ভুয়া কার্যাদেশ তৈরি করে যমুনা অয়েল কোম্পানি থেকে ৭ কোটি ৯৪ লাখ ৭ হাজার টাকার বিটুমিন উত্তোলন করে খোলাবাজারে বিক্রির অভিযোগে ১০টি মামলা করে দুদক। সব কটি মামলায় কোম্পানির উপমহাব্যবস্থাপক (সেলস) মো. মাহিদুর রহমান, সহকারী মহাব্যবস্থাপক মো. মাসুদ করিম, সহকারী মহাব্যবস্থাপক (অডিট) মোহাম্মদ খসরু আজাদ, সহকারী মহাব্যবস্থাপক (টিএস) মো. আবদুর সবুর খান, উপব্যবস্থাপক (সেলস) মো. আমজাদ হোসেন ও সাবেক উপব্যবস্থাপক (সেলস) মো. ইউসুফ খন্দকারকে আসামি করা হয়।
২০১২ সালের ১৭ সেপ্টেম্বর ডবলমুরিং থানায় করা দুদকের ১০ মামলার প্রতিটিতে ছয় কর্মকর্তার সঙ্গে একজন করে ঠিকাদারকেও আসামি করা হয়। ১০ ঠিকাদার হলেন মো. সেলিম হোসেন (জেড আর এন্টারপ্রাইজ), মো. নুরুজ্জামান (জামান এন্টারপ্রাইজ), মাহবুব হোসেন (মাহবুব এন্টারপ্রাইজ), মোশারফ হোসেন (মেসার্স মোয়াজ এন্টারপ্রাইজ), মো. হাসান (হাসান এন্টারপ্রাইজ), ইকবাল হোসেন (ইকবাল অ্যান্ড ব্রাদার্স), সেলিম হোসেন (এ আর এন্টারপ্রাইজ), মাহবুব হোসেন (এম আর ট্রেড), মো. আলী আশরাফ (মেসার্স এস এ এন্টারপ্রাইজ) ও মাহবুব হোসেন (মেসার্স বিক্রমপুর পরিবহন সংস্থা)। মামলার পর একই বছরের অক্টোবর মাসে উচ্চ আদালত থেকে জামিন নেন আসামিরা।
দুদকের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে জানান, চূড়ান্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিটুমিন বিক্রির ক্ষেত্রে কর্মকর্তারা আর্থিকভাবে লাভবান হয়েছেন বা তাঁদের কোনো অসৎ উদ্দেশ্য ছিল—এমন প্রমাণ পাননি তদন্ত কর্মকর্তারা।
চূড়ান্ত প্রতিবেদনটি গ্রহণ করা হবে কি না, তা শুনানির জন্য চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়েছে। তবে এখনো শুনানির কোনো তারিখ নির্ধারণ করা হয়নি বলে জানান দায়রা জজ আদালতের সেরেস্তাদার হোসনে আরা বেগম।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জানান, থানা কিংবা আদালতে করা মামলা থেকে দুদকের মামলা করার প্রক্রিয়া ভিন্ন। দুদক কোনো অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করে না। কোনো অভিযোগ পেলে প্রথমে তা অনুসন্ধানের জন্য দুদকের প্রধান কার্যালয় থেকে অনুমোদন নিতে হয়। অনুসন্ধানে অভিযোগের সত্যতা পেলে তথ্য-প্রমাণসহ মামলা করার অনুমোদন নেওয়া হয় প্রধান কার্যালয় থেকে। মামলার পর তদন্ত শুরু করে। এ কারণে দুদকের কোনো মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার সুযোগ কম থাকে।
জানতে চাইলে দুদক চট্টগ্রামের পরিচালক আবদুল আজিজ ভুঁইয়া জানান, অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ার পর অনুমোদন নিয়ে এসব মামলা করা হয়। তদন্তে সত্যতা না পাওয়ায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। কারও চাপে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
আদালতে জমা দেওয়া দুদকের প্রতিবেদনে দেখা যায়, একটি মামলার বাদী দুদক চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. ফখরুল ইসলাম। তিনি যমুনা অয়েলের ছয় কর্মকর্তাসহ মেসার্স এস এ এন্টারপ্রাইজের মালিক মো. আলী আশরাফকে আসামি করে মামলা করেন। এজাহারে আসামিদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার, জাল কার্যাদেশ তৈরি এবং তা ব্যবহার করে মোট ৩২ লাখ ৩১ হাজার টাকার মূল্যের ৪৯০ ড্রাম বিটুমিন উত্তোলন করে অবৈধভাবে বিক্রি করে লাভবান হওয়ার অভিযোগ আনেন।
এই মামলা তদন্ত করেন দুদক চট্টগ্রামের উপসহকারী পরিচালক খলিলুর রহমান সিকদার। তদন্ত প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, জাল-জালিয়াতির মাধ্যমে যমুনা অয়েল কোম্পানি থেকে বিটুমিন প্রাপ্তির আবেদন ব্যবহার করেন এস এ এন্টারপ্রাইজের মালিক আলী আশরাফ। তিনি বিটুমিন অবৈধভাবে উত্তোলন করে খোলাবাজারে বিক্রি করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তবে তদন্তে যমুনার ছয় কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণে অপরাধ প্রমাণিত হয়নি। তাই তাঁদের মামলা থেকে অব্যাহতির সুপারিশ করেন। অপরাধ প্রমাণিত হওয়ায় এস এ এন্টারপ্রাইজের আলী আশরাফের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের জন্য দুদক প্রধান কার্যালয়ের অনুমোদনের জন্য পাঠানো হয়। তবে দুদক চূড়ান্ত প্রতিবেদন দাখিলের অনুমোদন দেয়। শেষে তদন্ত কর্মকর্তা অব্যাহতির সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন।
জানতে চাইলে মামলাটির বাদী দুদক চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. ফখরুল ইসলাম জানান, অনুসন্ধানে সত্যতা পাওয়ার পর মামলা করা হয়েছিল। তদন্তে অভিযোগের সত্যতা না পাওয়ার বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
ঠিকাদারদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিললেও কেন তাঁদের নামে অভিযোগপত্র জমা দেওয়ার অনুমোদন কমিশন দেয়নি, এ বিষয়ে প্রশ্ন করা হলে মামলার তদন্ত কর্মকর্তা খলিলুর রহমান সিকদার কোনো মন্তব্য করতে রাজি হননি।
এই মামলার মতো আরও নয়টি মামলায় যমুনা অয়েলের ছয় কর্মকর্তার বিরুদ্ধে তদন্তে সাক্ষ্য-প্রমাণে অভিযোগের সত্যতা না পাওয়ায় অব্যাহতির সুপারিশ করা হয়।
দুর্নীতির মামলায় চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ায় প্রতিবেদন গ্রহণের শুনানির দিন রাষ্ট্রপক্ষ থেকে নারাজি দেওয়া হবে কি না, জানতে চাইলে চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী জানান, মামলাগুলো দুদক করেছে। তারাই তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদন গ্রহণ করা না-করার এখতিয়ার মহানগর দায়রা জজের। এর বেশি কিছু বলতে অপারগতা প্রকাশ করেন তিনি।