দীর্ঘ ১৪ মাস তদন্তের পরও চট্টগ্রামে একটি হত্যা মামলার কিনারা করতে পারেনি পুলিশ। এই মামলার বাদী পুলিশ। আর ৩৯ আসামির সবাই বিএনপি ও জামায়াতের নেতা-কর্মী। হত্যার ঘটনায় আসামিদের জড়িত থাকার পক্ষে প্রয়োজনীয় তথ্য ও সাক্ষ্য জোগাড় করতে না পেরে সবাইকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ।
গত বছরের ২৫ ফেব্রুয়ারি বিএনপি-জামায়াতের অবরোধ চলাকালে চট্টগ্রাম নগরের চান্দগাঁও সিঅ্যান্ডবি এলাকায় ককটেল বিস্ফোরণে নিহত হন পথচারী মোহাম্মদ রিদুয়ান। তিনি জমি কেনা-বেচার ব্যবসা করতেন।
হত্যাকাণ্ডের পর চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) সজল কান্তি দে বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে ৩৯ জনকে আসামি করে মামলা করেন। আসামিদের মধ্যে চট্টগ্রাম নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান, নগর ছাত্রদলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনও রয়েছেন। পুলিশ জানায়, আসামিদের মধ্যে বিভিন্ন সময়ে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়। পরে জামিনে ছাড়া পান ১৬ জন। কারাগারে আটক রয়েছেন দুজন। বাকিরা পলাতক।
চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার বিষয়ে নিহত ব্যবসায়ীর ভাতিজা সাইফুল আলম বলেন, তাঁর চাচা ককটেল হামলায় মারা গেছেন এটা তো সত্য। পুলিশ জড়িত কাউকে খুঁজে না পেলেও এই হত্যাকাণ্ডের বিচার চান তিনি।
মামলার আসামি চট্টগ্রাম নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান বলেন, এই মামলায় তাঁদের জড়ানো হয়েছে। এই ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। আর নগর ছাত্রদলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন অভিযোগ করেছেন, রাজনৈতিকভাবে হয়রানি করতেই পুলিশ তাঁদের আসামি করেছে।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর হাকিম হারুন অর রশিদের আদালতে চূড়ান্ত প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। আদালত আগামী ১১ জুলাই প্রতিবেদনটি গ্রহণের শুনানির দিন ধার্য রেখেছেন।
মামলাটি প্রথমে তদন্ত করেন চান্দগাঁও থানার সাবেক এসআই গোলাম মো. নাসিম হোসেন। পরে মামলাটি তদন্তের দায়িত্ব পান চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. ইলিয়াছ।
চূড়ান্ত প্রতিবেদনে তদন্ত কর্মকর্তা মো. ইলিয়াছ উল্লেখ করেন, ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের সন্ধান পাওয়া যায়নি। মামলার এজাহারনামীয় ও গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন আসামিরা ঘটনার সঙ্গে জড়িত, এমন সাক্ষ্যপ্রমাণ পাওয়া যায়নি। বাদী (পুলিশ) কোনো সাক্ষীর তথ্য দিতে পারেননি। তাই মামলার তদন্ত অহেতুক মুলতবি না রেখে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হলো। ভবিষ্যতে ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত আসামিদের সন্ধান পেলে মামলাটি পুনরুজ্জীবিত করা হবে। অভিযোগ প্রমাণ না হওয়ায় এই মামলার ৩৯ আসামিকে অব্যাহতি দেওয়ারও সুপারিশ করেন তিনি।
এ বিষয়ে মামলার বাদী ও চান্দগাঁও থানার এসআই সজল কান্তি দে গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘নিহত ব্যক্তির পরিবার কোনো মামলা করেনি। সোর্সের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার পর যাঁদের নাম জানা গেছে তাঁদের আসামি করা হয়েছে।’
চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, হত্যা মামলায় পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দিতে পারেন না। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা পুলিশের দায়িত্ব। অপরাধীরা আড়ালে থাকলে এ ধরনের ঘটনা বাড়তে থাকবে। মামলায় চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ না করতে আদালতে রাষ্ট্রপক্ষ থেকে নারাজি আবেদন করা হবে।