সব আসামিকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয়জন গাড়িচালকের ওপর হামলার ঘটনায় জড়িত সব আসামিকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বান্দরবানের জিপ-কার-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতারা। এই সময়ের মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হলে তাঁরা গাড়ি চলাচল বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন।
গতকাল বুধবার সকালে বান্দরবান প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করেন ইউনিয়নের নেতারা। কর্মসূচি থেকে ওই ঘোষণা দেন তাঁরা। প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি হারুনুর রশিদ, সাবেক সভাপতি মোহাম্মদ কাশেম, সাধারণ সম্পাদক কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রশিদ প্রমুখ।
গত ২৭ এপ্রিল বান্দরবান জেলা শহরের কালাঘাটা নতুন ব্রিজ এলাকায় ছয়জন গাড়িচালকের ওপর ওপর সন্ত্রাসীরা হামলা করে। আহত গাড়িচালকদের মধ্যে রয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রীর পারিবারিক গাড়িচালক মং নু চিং মারমা, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যানের গাড়িচালক চ প্রু অং মারমা, রুমা উপজেলা পরিষদের চেয়ারম্যানের গাড়িচালক শৈ চা উ মারমা, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার গাড়িচালক উশৈসিং মারমা, জেলা সিভিল সার্জনের গাড়িচালক অংথুইচিং মারমা এবং চাঁদের গাড়িচালক অংক্যচিং মারমা।
মানববন্ধনে বক্তারা বলেন, হামলার ঘটনার এক সপ্তাহ পরও বেশির ভাগ আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। পুলিশ দাবি করছে, হামলাকারীরা পলাতক। কিন্তু তারা সবাই এলাকায় ঘুরে বেড়াচ্ছে। অথচ এখনো দুই গাড়িচালক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মানববন্ধন শেষে সন্ত্রাসীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবিতে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি দেন শ্রমিক ইউনিয়নের নেতারা।
বান্দরবান সদর থানার পরিদর্শক (তদন্ত) জায়েদ নুর বলেন, এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।