সব আসামির গ্রেপ্তার চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমা আলী
সালমা আলী

আমি মনে করি, এই মামলার অন্য যে আসামিরা এখনো ধরা পড়েনি, তাদের দ্রুত আটক করতে হবে। পুলিশ চেষ্টা করলে পলাতক আসামিদের গ্রেপ্তার করতে পারবে। সঠিকভাবে মামলা পরিচালনা ও দ্রুত বিচারকাজের জন্য সব আসামিকে গ্রেপ্তার করা দরকার। আসামি পালিয়ে থাকলে অনেক সময় মামলার ক্ষতি হয়।
ওমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন সেল মামলাটির দায়িত্ব নিয়েছে। তারা ঠিকভাবে কাজ করবে বলে আমাদের বিশ্বাস। তবে ব্যক্তিগতভাবে আমি উদ্বিগ্ন হয়েছি, এই মামলা সম্পর্কে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বক্তব্যে। তিনি বলেছেন, এমনভাবে এই মামলার অনুসন্ধান ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে যে তা ভবিষ্যতে ‘মডেল’ হয়ে থাকবে। আমাদের বক্তব্য, শুধু এই মামলাটি মডেল হবে কেন, কেন অন্য ধর্ষণ ও নারী নির্যাতনের মামলাগুলোর আইনি প্রক্রিয়া দৃষ্টান্তমূলক হবে না? অন্য মামলাগুলোর কি গুরুত্ব নেই? আমরা দাবি করি, সব কটি মামলাই যেন দৃষ্টান্তমূলক হয়।
ধর্ষণের মামলায় অভিযোগকারীর সাক্ষীই যথেষ্ট। তা ছাড়া অনেক আলামত পাওয়া গেছে। অনেক পারিপার্শ্বিক সাক্ষী আছে। এগুলো খুব গুরুত্বপূর্ণ। তা ছাড়া ডিএনএ টেস্ট করা যেতে পারে। এই মামলার অভিযুক্ত পক্ষ অত্যন্ত প্রভাবশালী। বিষয়টি স্পর্শকাতর। পুলিশ ও প্রশাসনের ভূমিকায় স্বচ্ছতা থাকতে হবে। দ্রুত বিচার শেষ করতে হবে। এ জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত বিচারিক প্রক্রিয়ার প্রতিটি ধাপে প্রতি কার্যদিবসে বিচারিক কার্যক্রম পরিচালিত হতে হবে বলে আমি মনে করি। এই মামলার সঙ্গে অন্য নারী নির্যাতন ও ধর্ষণ মামলাগুলোর দ্রুত দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।
সালমা আলী: বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক