
মাগুরায় মায়ের পেটে শিশু গুলিবিদ্ধ ও একজন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় জেলা ছাত্রলীগের সহসভাপতি সেন সুমনসহ অভিযোগপত্রভুক্ত ১৭ জন আসামির বিরুদ্ধেই অভিযোগ গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ আরাফাত হোসেনের আদালতে গত মঙ্গলবার দুপুরে ওই চার্জ গঠন করা হয়। বিচারক মামলা থেকে অব্যাহতি চাওয়া পাঁচ আসামির আবেদনও খারিজ করে দেন।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী কৌঁসুলি সৈয়দ ফিরোজুর রহমান জানান, আগামী ৮ মে মামলার সাক্ষ্য গ্রহণ শুরুর দিন ধার্য করা হয়েছে। মামলায় মোট ৫৮ জনকে সাক্ষী করা হয়েছে। অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন সুমন সেন (সেন সুমন নামে পরিচিত), আলী আকবর, মুজিবুর রহমান, সুমন আলী, ফরিদুর রহমান, সাগর, বাপ্পী গাজী, ইলিয়াস মোল্লা, সোহেল মিয়া, লিটন মল্লিক, মিল্টন মল্লিক, নজরুল ইসলাম, সোবহান শেখ, সোলায়মান হোসেন, তৈয়বুর রহমান ওরফে তোতা, মো. সুমন ও আয়নাল শেখ।
সূত্র জানায়, আসামিদের মধ্যে সেন সুমন জেলা ছাত্রলীগের সহসভাপতি ও তৈয়বুর রহমান জেলা সমবায় লীগের সাধারণ সম্পাদক।
২০১৫ সালের ২৩ জুলাই বিকেলে মাগুরা শহরের দোয়ারপাড় কারিগরপাড়ায় ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পক্ষের নেতৃত্ব দেন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ভূঁইয়া। অপর পক্ষের নেতৃত্ব দেন পৌর ছাত্রলীগের সাবেক নেতা মেহেদী হাসান ও ছাত্রলীগের সাবেক কর্মী মুহম্মদ আলী আকবর। সংঘর্ষের মধ্যে পড়ে কামরুল ভূঁইয়ার ভাবি অন্তঃসত্ত্বা নাজমা খাতুন পেটে গুলিবিদ্ধ হন। সংঘর্ষে নাজমার চাচাশ্বশুর মমিন ভূঁইয়া গুলি ও বোমায় আহত হন। দুই দিন পর তিনি হাসপাতালে মারা যান। সংঘর্ষের দিন রাতে মাগুরা সদর হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে নাজমা খাতুন গুলিবিদ্ধ মেয়েশিশুর জন্ম দেন। শিশুটির নাম রাখা হয় সুরাইয়া।
এ ঘটনার দুই দিন পর গত ২৫ জুলাই নিহত মমিন ভূঁইয়ার ছেলে রুবেল ভূঁইয়া বাদী হয়ে জেলা ছাত্রলীগের সহসভাপতি সেন সুমনকে প্রধান আসামি করে মাগুরা সদর থানায় ১৬ জনের নামে মামলা করেন। মামলার ৩ নম্বর আসামি মেহেদী হাসান গত ১৬ আগস্ট পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। এ মামলার তদন্ত কর্মকর্তা মাগুরা গোয়েন্দা পুলিশের তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক তদন্ত শেষে এজাহারভুক্ত এক আসামির নাম বাদ ও নতুন তিনজনের নাম অন্তর্ভুক্ত করে মোট ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।
জেলা জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) কামাল হোসেন প্রথম আলোকে বলেন, আলোচিত এ মামলার সব আসামিই জামিনে রয়েছেন।
সুরাইয়ার বাবা বাচ্চু ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘মায়ের পেটের ভেতরে থাকার সময় গুলি লাগায় সুরাইয়ার ডান চোখটি নষ্ট হয়ে গেছে। সব আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হওয়ায় আমরা খুশি। আমরা চাই দ্রুত বিচারিক কাজ শেষ করে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।’
আলোচিত এ মামলার বাদী রুবেল ভূঁইয়া বলেন, ‘এখন দ্রুত বিচার ও দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তারা যেন আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে আসতে না পারে।’