সব ইপিজেডে নারীদের জন্য ডরমিটরি নির্মাণ করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) নারী শ্রমিকদের জন্য ডরমিটরি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) বোর্ড অব গভর্ন্যান্সের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী ও বেপজার চেয়ারপারসন শেখ হাসিনা এ সভায় সভাপতিত্ব করেন। খবর বাসসের।
সভা শেষে সাংবাদিকদের ব্রিফিং করার সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী বলেন, বাংলাদেশ ব্যাংক এই ডরমিটরি নির্মাণে তার গৃহায়ণ তহবিল থেকে সহায়তা দেবে। অন্য বোর্ড সদস্যদের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পরিকল্পনামন্ত্রী এ এইচ এম মোস্তফা কামাল, বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান এস এ সামাদ, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবর রহমান, বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহা. হাবিবুর রহমান খান প্রমুখ এ সভায় উপস্থিত ছিলেন।
সভায় বিদেশি বিনিয়োগকারী ও শ্রমিকদের জন্য স্থানীয় বাজার থেকে মাত্র ১৫ শতাংশ কমিশনে নির্ধারিত কিছু লিকার আইটেম ও জিনিসপত্র কেনার অনুমতি দেওয়া হয়। এ ক্ষেত্রে রেকর্ড রাখতে প্রত্যেক ব্যবহারকারীর জন্য একটি করে পাসবই প্রদানের সিদ্ধান্ত হয়।