সব উপজেলা ফাইবার অপটিক নেটওয়ার্কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আজ থেকে সাত বছর আগে যে বিষয়গুলো স্বপ্ন মনে করা হতো, সেগুলো এখন বাস্তব। এখন গ্রামের মানুষ দ্রুতগতির ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসেবা নিতে পারছে। সরকারি দপ্তরগুলোতে তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সেবা দেওয়া হচ্ছে।
গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে সামিট কমিউনিকেশনস আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। দেশের প্রতিটি জেলা ও উপজেলার সরকারি অফিসগুলোর মধ্যে তথ্য আদান-প্রদানের জন্য অপটিক্যাল ফাইবার নিশ্চিত করতে ৩ হাজার ৬৫০টি সংযোগ সফলভাবে দিয়েছে সামিট কমিউনিকেশনস। ১৪টি জেলার ৯৬টি উপজেলায় এ সংযোগ দিয়েছে প্রতিষ্ঠানটি। প্রকল্পটি নির্ধারিত সময়ের আগে শেষ করা উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করে সামিট।
বাংলা গভনেট ও ইনফো সরকার প্রকল্পের আওতায় সারা দেশের প্রায় সব উপজেলাকে ফাইবার অপটিক নেটওয়ার্কে সংযুক্ত করা হয়েছে, যার মাধ্যমে ১৮ হাজার ১৩২টি সরকারি সংস্থা অভিন্ন নেটওয়ার্কের আওতায় আসছে। এরই একটি অংশ শেষ করেছে সামিট।
অনুষ্ঠানের প্রধান অতিথি জুনাইদ আহমেদ আরও বলেন, ডিজিটাল বাংলাদেশের রূপকল্প বাস্তবায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় পরিকল্পিতভাবে অপটিক্যাল ফাইবার সংযোগের মাধ্যমে নেটওয়ার্ক স্থাপন। তথ্যপ্রযুক্তি বিভাগ সে কাজটিই গুরুত্ব দিয়ে করছে। প্রকল্পটি নির্ধারিত সময়ে শেষ করায় সামিট কমিউনিকেশনসকে ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, বাকি কাজ সফলভাবে শেষ হলে দেশে তথ্য, যোগাযোগপ্রযুক্তির মাধ্যমে জবাবদিহি ও স্বচ্ছতা আনা সম্ভব হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সামিট কমিউনিকেশনসের ভাইস চেয়ারম্যান ফরিদ খান, প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক আরিফ আল ইসলাম, ইনফো সরকার ফেইস-২-এর প্রকল্প পরিচালক ও তথ্যপ্রযুক্তি বিভাগের যুগ্ম সচিব সাইফুল ইসলাম প্রমুখ।