সব উপজেলায় একটি করে সমবায় বাজার হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রতিটি উপজেলা এবং ঢাকা শহরের সব কটি ওয়ার্ডে একটি করে সমবায় বাজার করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।সমবায় দিবস উপলক্ষে গতকাল শুক্রবার সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নানক এ কথা জানান। সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ শনিবার দেশব্যাপী ৪০তম সমবায় দিবস পালন করা হবে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘সমবায়ে উদ্যোক্তা সৃষ্টি—যুবদের দূরদৃষ্টি’।এদিকে সমবায় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আলাদা বাণী দিয়েছেন।রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান তাঁর বাণীতে বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে সমবায় পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সমবায়ের মাধ্যমে যুবসমাজের কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নে নিবিড়ভাবে সম্পৃক্ত করতে পারলে আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে বলেন, ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, প্রগতিশীল ও কল্যাণমুখী দেশ গড়তে সমবায় বিশেষ ভূমিকা রাখতে পারে। সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা, দেশব্যাপী সমবায় মেলা, শ্রেষ্ঠ সমবায়ীদের পুরস্কার প্রদানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে এ বছর দিবসটি পালন করা হবে।