সব এক্স-রে যন্ত্রই নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর হাসপাতালের সব এক্স-রে ও আলট্রাসনোগ্রাম যন্ত্র নষ্ট হয়ে পড়ে আছে। এতে রোগীদের বেসরকারি রোগনির্ণয় কেন্দ্রের ওপর নির্ভর করতে হচ্ছে।
হাসপাতাল সূত্র জানায়, পাঁচ মাস ধরে হাসপাতালে সব এক্স-রে যন্ত্র নষ্ট হয়ে পড়ে ছিল। গত ১৯ সেপ্টেম্বর একটি যন্ত্র মেরামত করা হয়। কিন্তু ১ অক্টোবর সেটি আবার নষ্ট হয়ে যায়। এ কারণে বর্তমানে হাসপাতালের এক্স-রে বিভাগ বন্ধ।
যন্ত্র নষ্ট হওয়ায় বহির্বিভাগের রোগী ছাড়াও হাসপাতালে ভর্তি রোগীদেরও বেসরকারি রোগনির্ণয় কেন্দ্রে এক্স-রে ও আলট্রাসনোগ্রাম করাতে হচ্ছে। এতে হাসপাতালের বাইরে যাওয়া-আসা করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগীদের। এ ছাড়া পরীক্ষা করাতে কয়েক গুণ বেশি টাকা খরচ করতে হচ্ছে তাদের।
ছকিনা খাতুন নামে একজন রোগী বলেন, হাসপাতালে বুকের একটি এক্স-রে করাতে লাগত মাত্র ৮০ টাকা। কিন্তু বাইরে করাতে হলে ৩৫০ টাকা খরচ করতে হয়। তা ছাড়া শহরে আসা-যাওয়া করতে আরও অনেক টাকা খরচ হয়ে যায়। এ ছাড়া যাতায়াতের ভোগান্তি তো আছেই।
হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালে ১৫০ থেকে ২২০ টাকায় আলট্রাসনোগ্রাম করা যেত। কিন্তু বেসরকারি রোগনির্ণয় কেন্দ্রে খরচ হয় ১ হাজার ২০০ টাকা থেকে দেড় হাজার টাকা।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অসীম কুমার সাহা হাসপাতালের সব এক্স-রে ও আলট্রাসনোগ্রাম যন্ত্র নষ্ট হয়ে পড়ে থাকার সত্যতা নিশ্চিত করেছেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. ছারোয়ার জাহান বলেন, এক্স-রে ও আলট্রাসনোগ্রাম যন্ত্র নষ্ট থাকার ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। ঠিঠিতে পুরোনো যন্ত্র মেরামত এবং নতুন এক্স-রে ও আলট্রাসনোগ্রাম যন্ত্র সরবরাহের অনুরোধ করা হয়েছে।