সব ঐতিহাসিক স্থান পর্যটনের আওতায় আনা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, সারা দেশের অবহেলিত ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ স্থানগুলোকে পর্যায়ক্রমে পর্যটনের আওতায় আনা হবে। এর ধারাবাহিকতায় নওগাঁর ধামইরহাটের এককালের সর্বোচ্চ বিদ্যাপীঠ জগদ্দল বিহার, ঐতিহ্যবাহী মাহী সন্তোষ মাজারসহ নওগাঁ জেলার সব ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নির্দশন সংরক্ষণের কাজ শুরু করেছে বর্তমান সরকার।
গতকাল সোমবার বেলা ১১টায় জগদ্দল বিহার প্রাঙ্গণে ধামইরহাট ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভায় মন্ত্রী এসব কথা বলেন। পরে তিনি মাহী সন্তোষ মাজার প্রাঙ্গণে বক্তব্য দেন।
এ সময় হুইপ ও নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের সাংসদ শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৬ (রানীনগর ও আত্রাই) আসনের সাংসদ মো. ইসরাফিল আলম, জেলা প্রশাসক এনামুল হক, পুলিশ সুপার কাইয়ুমুজ্জামান, ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, ইউএনও হেমায়েত উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে গত রোববার মন্ত্রী ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার প্রাঙ্গণে দক্ষিণ এশিয়া পর্যটন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় উন্নয়নকাজের উদ্বোধন করেন।