সব ওয়ার্ডকে সমান গুরুত্বের প্রতিশ্রুতি নাছিরের
নির্বাচিত হলে প্রতিটি ওয়ার্ডের উন্নয়নে সমান গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিলেন আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আ জ ম নাছির উদ্দিন। গতকাল বুধবার গণসংযোগে তিনি ভোটারদের উদ্দেশে এ কথা বলেন। তাঁর সঙ্গে ছিলেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম প্রমুখ।
গতকাল দুপুর থেকে মোহরা ওয়ার্ডের কামাল বাজার, কালুরঘাট, ওয়াসা রোড, কলেজ রোড, দেওয়ান মুন্সি রোড, মধ্যম, পূর্ব ও পশ্চিম মোহরা, কাপ্তাই রাস্তার মাথা, বিএফআইডিসি রোড এলাকায় গণসংযোগ করেন নাছির উদ্দিন। তাঁকে একবার সুযোগ দেওয়ার জন্য তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান।
গণসংযোগে আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব নিয়েছেন। নগরবাসীর কাছে তিনি শুধু চাচ্ছেন তাঁর একজন বিশ্বস্ত প্রতিনিধি। নগরবাসী যদি তাঁর আকাঙ্ক্ষা পূরণ করেন তাহলে তিনি উন্নয়নের ডালা নগরবাসীর হাতে তুলে দিতে দ্বিধা করবেন না।’
ক্রীড়াক্ষেত্রে নিজের সম্পৃক্ততার কথা উল্লেখ করে গণসংযোগে আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘আমি বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডসহ বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি। দীর্ঘদিন থেকে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত আছি। যেসব প্রতিষ্ঠানে আমি দায়িত্ব পালন করেছি সেখানে সততার সঙ্গে কাজ করেছি।’