সব কমিউনিটি ক্লিনিক ভালো চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ সরকার ১৯৯৮ সালে সাধারণ মানুষের চিকিৎসা নিশ্চিত করতে সারা দেশে কমিউনিটি ক্লিনিক চালু করেছে। চারদলীয় জোট ক্ষমতায় এসে সেগুলো বন্ধ করে দেয়। বর্তমানে আওয়ামী লীগ সরকার আবার ক্লিনিকগুলো বিশেষ নজরে নিয়ে পরিচালনা করছে। এখন দেশের সব কমিউনিটি ক্লিনিক ভালো চলছে।কথাগুলো স্বাস্থ্য ও পরিববার পরিকল্পনা প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকিরের। তিনি গত শুক্রবার গাজীপুর সদর উপজেলার পূবাইল ইউনিয়নের মেঘডুবি কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।মন্ত্রী বলেন, চারদলীয় জোট সরকার ক্লিনিকগুলো বন্ধ করে দেওয়ার পর সেখানে গরু-ছাগল বসবাস করত। কিন্তু এখন সে অবস্থার পরিবর্তন হয়েছে। মানুষ সেখানে ভালো চিকিৎসা পাচ্ছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক এম এম নিয়াজ উদ্দিনের মেয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসে মন্ত্রী মেঘডুবি কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুরের সিভিল সার্জন সৈয়দ মো. হাবিব উল্লাহ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলী হায়দার খান, গাজীপুরের এনডিসি সঞ্জীব কুমার দেবনাথ ও আজিজুল ইসলাম।স্থানীয় ব্যক্তিরা প্রতিমন্ত্রীকে বলেন, মেঘডুবি ক্লিনিকটি রাস্তার পাশে হওয়ায় এটির অবস্থা ভালো। কিন্তু দুই কিলোমিটার দূরে হাদাবাদ কমিউনিটি ক্লিনিকের একটি কক্ষে মুরগি, অন্য কক্ষে মানুষ বসবাস করছে। এ সময় মন্ত্রী চ্যালেঞ্জ করে বলেন, এমনটি হতে পারে না। একপর্যায়ে তিনি ক্লিনিকটি পরিদর্শনে যেতে চাইলেও পরে তা বাতিল করেন। সরেজমিনে দেখা গেছে, হাদাবাদ কমিউনিটি ক্লিনিকের একটি কক্ষে রকিবুল নামের এক ব্যবসায়ী বসবাস করছেন। অন্য কক্ষে ময়লা-আবর্জনার স্তূপ। চেয়ার-টিবিলগুলো উল্টো হয়ে পড়ে আছে। জানতে চাইলে ব্যবসায়ী রকিবুল বলেন, এই জমি তাঁদের দান করা। ক্লিনিক করার পর এখানে কোনো সময় চিকিৎসা দেওয়া হয়নি। কোনো স্বাস্থ্যকর্মীও এখানে আসেননি। স্থানীয় বাসিন্দা আবু মোসা খান বলেন, ক্লিনিকটি অব্যবস্থাপনায় পড়ে আছে। যোগাযোগ করা হলে সিভিল সার্জন সৈয়দ মো. হাবিব উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘ক্লিনিকটির ভেতরে যাঁরা আছেন, তাঁদের বের করে দিয়ে দুই-তিন দিনের মধ্যে এটি চালু করা হবে।’