সব কাজের মধ্যেই মুক্তিযুদ্ধ আছে: মফিদুল

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেছেন, ‘আমরা সকল কাজের মধ্যে মুক্তিযুদ্ধকে খুঁজে পেতে পারি।’ আহমদ হোসাইন ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আজ শনিবার সকালে ধানমন্ডির ডব্লিউভিএ অডিটোরিয়ামে রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তায় আহমদ হোসাইন ফাউন্ডেশন রক্তদান কর্মসূচি ও সম্মাননা প্রদানের আয়োজন করে। এ ছাড়া ‘পড়ুয়া সমাবেশ’ নামে একটি পাঠাগারের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মফিদুল হক বলেন, শহীদদের স্মরণ করার গুরুত্ব অপরিসীম। ১৯৭১ সালে সারা বিশ্বের নজর কেড়েছিল বাংলাদেশ। ঐক্যবদ্ধভাবে কাজ করলেও আবারও বিশ্বে নজির স্থাপন করা সম্ভব। রক্তদান কর্মসূচির প্রশংসা করে তিনি বলেন, রক্তদানের প্রণোদনার সঙ্গে স্বাধীনতার ইতিহাসকে এখানে তুলে আনা হয়েছে।
অনুষ্ঠানটি মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি উৎসর্গ করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী সাদী মহম্মদ। তাঁর বাবা মুক্তিযুদ্ধে শহীদ সলিম উল্লাহর স্মৃতিচারণা করেন তিনি। অনুষ্ঠানে তাঁর বাবার প্রতি সম্মান প্রদর্শন করা হয়।
স্বেচ্ছায় রক্তদাতা হিসেবে সম্মাননা দেওয়া হয় মাসুদ ইকবাল ও হাসনাহেনা খান নামের দুজনকে। অনুষ্ঠানে বলা হয়, মাসুদ ইকবাল এখন পর্যন্ত ১০০ বার স্বেচ্ছায় রক্ত দিয়েছেন এবং হাসনাহেনা দিয়েছেন ১০ বার।
আহমদ হোসাইন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক আতিকা বতুল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনটির সভাপতি বিপ্লব আহমদ, মুজাহিদ উদ্দিন হোসাইন প্রমুখ।