সব কারখানার বেতন-বোনাস আজই পরিশোধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বুধবারের মধ্যেই জরুরি ভিত্তিতে সব পোশাক কারখানার শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার দাবি জানিয়েছেন গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদের নেতারা। তাঁরা বলেন, ২৭ রোজার পরও বেতন-বোনাস দিতে মালিকপক্ষ গড়িমসি করছে এবং ৪৫০টি কারখানায় ঝামেলা হতে পারে বলে বিবৃতি দিচ্ছে।গতকাল মঙ্গলবার সকালে আয়োজিত শ্রমিক পরিষদের এক জরুরি সভায় নেতারা এসব কথা বলেন। ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস, মজুরি বোর্ডের কাছে প্রস্তাবনা পেশসহ বিভিন্ন বিষয় নিয়ে সভায় আলোচনা করা হয়।সভায় নেতারা বলেন, ঈদ আসন্ন। কিন্তু শ্রমিকদের হাতে বেতন-বোনাস কোনোটাই দেওয়া হয়নি। বরং বিজিএমইএ বলছে, এবার চার শতাধিক পোশাক কারখানায় বেতন-বোনাস প্রদানে অনিশ্চয়তা রয়েছে। অন্যদিকে বিভিন্ন কারখানায় বেতন-বোনাসের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশি হামলা চলছে।সভায় মজুরি বোর্ডের কাছে ন্যূনতম মজুরি আট হাজার করার বিষয়ে জোর দাবি করা হয়। অন্যথায় শ্রম পরিস্থিতির অবনতি হলে এর দায় সরকার ও মালিকপক্ষকে নিতে হবে বলেও সভা থেকে হুঁশিয়ারি দেওয়া হয়। এ ছাড়া ইংরেজি পত্রিকা ডেইলি স্টার-এ প্রকাশিত বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলামের বক্তব্য—রানা প্লাজা ধসের ঘটনা খোদার ইচ্ছা, তাই এ ক্ষেত্রে মালিকদের কোনো হাত নেই—এর সমালোচনা করে শ্রমিক নেতারা বলেন, এই বক্তব্যের মধ্যে এক দুরভিসন্ধি লুকিয়ে রয়েছে। আতিকুল ইসলাম ও তাঁর সংগঠন বর্তমানে রানা প্লাজায় গরিব-অসহায় শ্রমিকদের ক্ষতিপূরণ না দেওয়ার ফন্দি আঁটছেন।পরিষদের সমন্বয়ক রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সদস্যসচিব মীর মোস্তাক, মাহবুবুর রহমান, দীপক রায় প্রমুখ।