পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের আগে রাঙ্গামাটিতে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের সব কার্যক্রম স্থগিত করার দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্রপরিষদ ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। গতকাল বুধবার এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
ছাত্রপরিষদের সভাপতি জ্যোতিষ্মান চাকমা ও ছাত্র ইউনিয়নের সভাপতি হাসান তারেক স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রযন্ত্র রাঙ্গামাটিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ স্থাপনের নামে নতুন করে ষড়যন্ত্র করছে।
এতে বলা হয়, পার্বত্য চট্টগ্রামে এ দুইটি শিক্ষাপ্রতিষ্ঠান খুবই দরকার। কিন্তু বর্তমান বাস্তবতায় এর কতখানি এলাকার জনগণের উপকারে আসবে, তা পর্যালোচনার দাবি রাখে। পার্বত্য চট্টগ্রামে ৯০ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ের লেখাপড়া এখনো মানসম্মত নয়। যেখানে পর্যাপ্ত বিদ্যালয় ও শিক্ষকই নেই, সেখানে পাহাড়ের ছেলেমেয়েরা কীভাবে এ দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হবে। শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে নয়, বরং শিক্ষা উন্নয়নের নামে সরকারের বিশ্ববিদ্যালয়-মেডিকেল কলেজ স্থাপনের এই তাড়াহুড়া উদ্যোগ—ষড়যন্ত্র কার্যকর ছাড়া অন্য কিছু হতে পারে না। বিবৃতিতে অভিযোগ করা হয়, সরকারব্যবস্থা পার্বত্য চট্টগ্রামকে সামরিকায়ন ও ইসলামিকরণের ষড়যন্ত্রের মধ্য দিয়ে জুম্ম জনগণের স্বতন্ত্র বৈশিষ্ট্য বিলুপ্ত করার পাঁয়তারা করছে। দমন-পীড়নের মাধ্যমে এ অঞ্চলের জনগোষ্ঠীকে সংখ্যালঘুতে পরিণত করে নিশ্চিহ্ন করে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।
বিবৃতিতে পার্বত্য চট্টগ্রামে পর্যাপ্ত প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, শিক্ষার মানোন্নয়ন ও আদিবাসীদের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার দাবি জানানো হয়। বিজ্ঞপ্তি।