সব কৃষি বিশ্ববিদ্যালয়ে পশুপালন অনুষদ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১৪ মার্চ, পশুপালন দিবস। এ উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গতকাল সোমবার সংবাদ সম্মেলন করা হয়। এতে প্রাণিসম্পদের উন্নয়নে তিন দফা দাবি জানিয়েছেন পশুপালন অনুষদের শিক্ষকেরা। অনুষদটির কাজী ফজলুর রহিম সম্মেলনকক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
দাবিগুলো হলো মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে আলাদা করে প্রাণী উৎপাদন ও সম্প্রসারণ এবং প্রাণিস্বাস্থ্য বিভাগ চালু, প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রস্তাবিত অর্গানোগ্রাম বাস্তবায়ন এবং সব কৃষি বিশ্ববিদ্যালয়ে পশুপালনের ওপর ডিগ্রি চালু।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ডেইরিবিজ্ঞান বিভাগের অধ্যাপক রায়হান হাবিব। তিনি বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে পশুপালনে স্নাতক ডিগ্রি নেওয়া শিক্ষার্থীদের পরিশ্রমে দেশের পোলট্রিশিল্পে বিপ্লব ঘটেছে। প্রাণিজ পুষ্টির জোগান ও ডেইরিশিল্প এগিয়ে যাচ্ছে। দেশের মানুষ সুলভমূল্যে দুধ, ডিম ও মাংস খেতে পারছেন। এ খাতের উন্নয়নে আরও গবেষক ও স্নাতক তৈরিসহ সুযোগ-সুবিধা বাড়াতে হবে। এখন এখানে ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পশুপালন অনুষদ রয়েছে। দেশের বাকি কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতেও এ অনুষদ চালু করতে হবে।
২০১৩ সালের ১৪ মার্চ পশুপালন ডিগ্রি চালুর বিষয়ে উচ্চ আদালতের রায়ের পর দিনটিকে পশুপালন দিবস ঘোষণা করা হয়।